
ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন মাছটি ধরা, বিক্রি, পরিবহন, বিপণন ও বাজারজাতকরণ বন্ধ থাকবে। মা ইলিশ সংরক্ষণ ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এ নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।
নিষেধাজ্ঞা বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে সোমবার (৫ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসের সভাকক্ষে জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম বক্তব্য দেন। এ সময় সামুদ্রিক মৎস্য দপ্তর, নৌবাহিনী, কোস্ট গার্ড, নৌ পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, মৎস্য আড়তদার, মৎস্য সমিতি ও বরফকল মালিক সমিতির প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জানান, একটি মা ইলিশ একবারে প্রায় ৩ লাখ থেকে ১৫ লাখ পর্যন্ত ডিম দিতে পারে। প্রজনন মৌসুমে মা ইলিশ নিধন করা হলে এর প্রজনন ব্যাহত হয়ে ভবিষ্যতে ইলিশের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে ইলিশের উৎপাদন বাড়াতে ২২ দিনের জন্য মাছটি আহরণ ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
সভায় আরও জানানো হয়, নিষেধাজ্ঞার সময়ে উপকূলীয় এলাকার জেলেদের জন্য সরকারের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়া হবে।