
আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য পুরো দেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের দিন ও এর আশেপাশের কয়েক দিনের আবহাওয়ার পূর্বাভাস প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার রাতে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া নির্বাচনের দিনে বড় ধরনের আবহাওয়া পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে নদী অববাহিকার কিছু এলাকায় হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, তবে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
এরপর ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া চতুর্থ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে নদী অববাহিকার কিছু জায়গায় হালকা কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া পঞ্চম দিনের পূর্বাভাসেও একই ধরনের পরিস্থিতির কথা বলা হয়েছে। সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এই দিনে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, ভোটের পরবর্তী এই সময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।