
মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষ করে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যায় তিনি চীনের দালিয়ানে পৌঁছান।
এর আগে স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে চীনের উদ্দেশে রওনা দেন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
দালিয়ানে পৌঁছে প্রধানমন্ত্রী দুই দিনের ব্যস্ত কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে। এরপর তিনি চীনের রাজধানী বেইজিংয়ে যাবেন, যেখানে তার রাষ্ট্রীয় সফরের মূল কার্যক্রম শুরু হবে।
দালিয়ানে তিনি বিশ্ব আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গা রায় কমপ্লেক্সের এক্সক্লুসিভ ভিআইপি টার্মিনালে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান। এ সময় বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার মনজুরুল করিম ও ডেপুটি হাইকমিশনার শাহানারা মলিকা উপস্থিত ছিলেন।