
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে চট্টগ্রামের ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেছেন দলটির কয়েকজন নেতাকর্মী। এ ঘটনার ভিডিও বার আউলিয়া হাইওয়ে থানার সরকারি ফেসবুক আইডি থেকে প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
শনিবার (২৮ নভেম্বর) রাতে ধারণ করা ওই ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছেন। এ সময় তাদের মুখে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সাবেক সংসদ সদস্য এস এম আল মামুনের নামও শোনা যায়।
তবে ভিডিওটি থানার সরকারি ফেসবুক আইডি থেকে প্রকাশের বিষয়টি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান দাবি করেন, ভুলবশত ভিডিওটি ফেসবুকে আপলোড হয়েছে।
ওসির এমন ব্যাখ্যার পরও ভিডিওটি প্রকাশের প্রায় ১০ ঘণ্টা পেরিয়ে গেলেও থানার ফেসবুক আইডি থেকে সরানো হয়নি। ফলে সরকারি থানার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে এমন ভিডিও প্রকাশ এবং দীর্ঘ সময় ধরে তা বহাল থাকা নিয়ে প্রশ্ন উঠেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ বিষয়টিকে পুলিশের দায়িত্বশীলতা ও পেশাদারত্বের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করছেন। আবার কেউ ভিডিওটি প্রকাশের পেছনের কারণ নিয়ে প্রশ্ন তুলছেন। সব মিলিয়ে ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।