
নেত্রকোনায় কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও হুমকিসংবলিত চিরকুট পাঠিয়ে এক ছাত্রদল নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শহরের সাতপাই এলাকায় নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আমিরুল ইসলামের ব্যক্তিগত ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে এসব উপকরণ রেখে যায় দুর্বৃত্তরা।
রোববার (২৯ নভেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে বলে জানান আমিরুল ইসলাম। তাঁর অভিযোগ, চিরকুটে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে শহরের মোক্তারপাড়া এলাকায় জুলাই চত্বরের সামনে তাঁকে ধরে নিয়ে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
আমিরুল ইসলাম জানান, শনিবার রাতে সংসদ সদস্যের সঙ্গে শহরের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পরিদর্শন শেষে ভোর সাড়ে ৩টা থেকে ৪টার দিকে বাসায় ফেরেন তিনি। সকালে স্থানীয় লোকজন তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে হুমকিসংবলিত কিছু উপকরণ রেখে যাওয়ার বিষয়টি জানান। পরে সেখানে গিয়ে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও একটি চিরকুট দেখতে পান।
চিরকুটে ‘সর্বহারা গ্রুপ’ ও ‘জয় বাংলা’ লেখা রয়েছে উল্লেখ করে আমিরুল ইসলাম অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তাঁর দাবি, রাজনৈতিকভাবে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে এ হুমকি দেওয়া হয়েছে। তবে এ অভিযোগের পক্ষে স্বতন্ত্র কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এ ঘটনায় আতঙ্কিত না হয়ে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার কথা জানিয়ে আমিরুল ইসলাম বলেন, রাজনৈতিক আন্দোলনে তাঁরা জীবনের ঝুঁকি নিয়েই লড়াই করেছেন। হত্যার হুমকি দিয়ে তাঁদের আন্দোলন থামানো যাবে না।
ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আমিরুল ইসলামের পাশে থাকার কথা জানান। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং আইনের আওতায় আনার দাবি জানান।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।