.webp)
সামাজিক যোগাযোগমাধ্যমগুলো দাবি করে, ব্যবহারকারীর পছন্দ ও আগ্রহ বিবেচনা করেই তাদের সামনে বিভিন্ন পোস্ট ও কনটেন্ট তুলে ধরা হয়। তবে নতুন এক গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র। গবেষণায় দেখা গেছে, সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম অনেক সময় ব্যবহারকারীর ব্যক্তিগত বিশ্বাস ও মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক কনটেন্টই বেশি সুপারিশ করে। বিশেষ করে এক্সে (সাবেক টুইটার) অ্যালগরিদমের মাধ্যমে সামনে আসা পোস্টগুলোর সঙ্গে ব্যবহারকারীদের নিজস্ব ধারণার প্রায়ই অমিল থাকে।
বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস’ (পিএনএএস)-এ গবেষণাটি প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, ব্যবহারকারীদের ব্যক্তিগত পছন্দের চেয়ে মানুষের মনোযোগ আকর্ষণ এবং অনলাইন সম্পৃক্ততা বাড়াতে পারে—এমন কনটেন্টকেই অ্যালগরিদম বেশি গুরুত্ব দেয়।
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) গবেষক জিভ এপস্টাইন এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মাইকেল এস বার্নস্টাইনের নেতৃত্বে একদল গবেষক এই গবেষণা পরিচালনা করেন।
যেভাবে পরিচালিত হয় গবেষণা
সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম কীভাবে ব্যবহারকারীদের অনলাইন অভিজ্ঞতাকে প্রভাবিত করছে, তা জানতে যুক্তরাষ্ট্রের ৭১৫ জন প্রাপ্তবয়স্ক এক্স ব্যবহারকারীকে গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়। তাঁদের প্রত্যেকের ব্রাউজারে একটি বিশেষ এক্সটেনশন যুক্ত করা হয়েছিল। এর মাধ্যমে দুটি ভিন্ন ধরনের ফিডের পোস্ট সংগ্রহ করেন গবেষকরা।
এর একটি ছিল ‘ফলোয়িং ফিড’, যেখানে ব্যবহারকারীরা নিজেরা যেসব অ্যাকাউন্ট অনুসরণ করেন, সেসব অ্যাকাউন্টের পোস্ট দেখা যায়। অন্যটি ‘ফর ইউ ফিড’, যেখানে অ্যালগরিদম স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন পোস্ট সুপারিশ করে।
পরবর্তী সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল ব্যবহার করে পোস্টগুলোর অন্তর্নিহিত মূল্যবোধ বিশ্লেষণ করা হয়। এরপর এসব মূল্যবোধের সঙ্গে অংশগ্রহণকারীদের নিজেদের জানানো বিশ্বাস ও মূল্যবোধের তুলনা করেন গবেষকরা।
বিশ্লেষণে দুই ধরনের ফিডের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য পাওয়া যায়। ব্যবহারকারীরা নিজেরা যেসব অ্যাকাউন্ট অনুসরণ করেন, সেসব অ্যাকাউন্টের পোস্ট সাধারণত তাঁদের ব্যক্তিগত বিশ্বাস ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কিন্তু অ্যালগরিদমের সুপারিশ করা ‘ফর ইউ ফিড’-এ দেখা যায় ঠিক উল্টো প্রবণতা। অর্থাৎ, অ্যালগরিদমের সামনে আনা কনটেন্টের সঙ্গে ব্যবহারকারীদের নিজস্ব বিশ্বাসের নেতিবাচক সম্পর্ক রয়েছে।
গবেষণায় আরও দেখা গেছে, শৃঙ্খলা বজায় রাখা, ঐতিহ্য এবং সামাজিক নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলোকে অ্যালগরিদম তুলনামূলক বেশি গুরুত্ব দেয়। বিপরীতে, অন্যের প্রতি যত্নশীল হওয়া, নির্ভরযোগ্যতা এবং পরিবেশ রক্ষার মতো মূল্যবোধের বিষয়গুলো কম গুরুত্ব পায়।
রাজনৈতিক বিশ্বাসের ক্ষেত্রেও একই ধরনের অমিল দেখা গেছে। তবে ডেমোক্র্যাট সমর্থকদের ক্ষেত্রে এই পার্থক্য তুলনামূলক বেশি ছিল।
অ্যালগরিদম কেন এমন কনটেন্ট সামনে আনে?
গবেষকদের ধারণা, ব্যবহারকারীদের নিজেদের অনলাইন আচরণই এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২৪ ঘণ্টার একটি কার্যক্রম বিশ্লেষণ করে ব্যবহারকারীদের লাইক, রিপোস্ট ও রিপ্লাই করার ধরন পর্যবেক্ষণ করা হয়।
এতে দেখা যায়, লাইক দেওয়া কিংবা কোনো পোস্ট রিপোস্ট করার মাধ্যমে সাধারণত ব্যবহারকারীদের নিজস্ব পছন্দ ও মূল্যবোধের প্রতিফলন ঘটে। অর্থাৎ, মানুষ সাধারণত নিজের বিশ্বাসের সঙ্গে মেলে—এমন কনটেন্টেই সমর্থন জানায় বা সেগুলো অন্যদের সঙ্গে শেয়ার করে।
কিন্তু রিপ্লাই বা মন্তব্যের ক্ষেত্রে ভিন্ন চিত্র পাওয়া গেছে। ব্যবহারকারীরা প্রায়ই নিজেদের বিশ্বাস ও মতাদর্শের সঙ্গে মেলে না—এমন পোস্টে মন্তব্য করেন। মূলত ওই পোস্টের বক্তব্যের প্রতিবাদ বা সমালোচনা করতেই তাঁরা এমন মন্তব্য করেন।
এখানেই তৈরি হচ্ছে অপ্রত্যাশিত সমস্যা। সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম ব্যবহারকারীদের আগ্রহ বোঝার অন্যতম প্রধান মাপকাঠি হিসেবে অনলাইন সম্পৃক্ততাকে বিবেচনা করে। ফলে কেউ যখন বারবার নিজের অপছন্দের কোনো পোস্টে মন্তব্য করেন, তখন অ্যালগরিদম সেটিকে ওই কনটেন্টের প্রতি তাঁর আগ্রহ হিসেবে ধরে নিতে পারে।
এর পরিণতিতে একই ধরনের পোস্ট আরও বেশি করে তাঁর সামনে আসতে থাকে। অর্থাৎ, কোনো বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে প্রতিবাদ জানাতে গেলেও ব্যবহারকারীকে বারবার সেই ধরনের কনটেন্ট দেখতে হয়। এতে বিরক্তি ও হতাশা আরও বাড়তে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের জন্য এর অর্থ কী?
গবেষণার ফলাফল সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যক্তিগত পছন্দনির্ভর কনটেন্ট সুপারিশের পদ্ধতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। সাধারণত ব্যবহারকারীরা মনে করেন, রিকমেন্ডেশন বা সুপারিশকারী ব্যবস্থা তাঁদের পছন্দের বিষয়গুলো থেকেই আগ্রহ সম্পর্কে ধারণা নেয়। কিন্তু গবেষণাটি বলছে, শুধু পছন্দের কনটেন্টে সমর্থন জানানো নয়, বরং তর্ক-বিতর্ক, মতবিরোধ এবং নেতিবাচক প্রতিক্রিয়াও অ্যালগরিদমের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে।
গবেষকরা আরও জানিয়েছেন, বিশ্বজুড়ে জনপ্রিয় কনটেন্টগুলোর মূল্যবোধ অনেক সময় রিপাবলিকানদের রাজনৈতিক বিশ্বাসের সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ হয়। ফলে ডানপন্থি ব্যবহারকারীরা কোনো পোস্টের সঙ্গে তর্ক বা মতবিরোধে না জড়িয়েও নিজেদের বিশ্বাসের সঙ্গে মেলে—এমন কনটেন্ট তুলনামূলক সহজে দেখতে পান।
তবে গবেষণার ফলাফল থেকে এখনই কোনো চূড়ান্ত কার্যকারণ নির্ধারণ না করার বিষয়ে সতর্ক করেছেন গবেষকরা। কারণ, এটি পর্যবেক্ষণমূলক তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়েছে। গবেষণার সময় সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদমে কোনো পরীক্ষামূলক পরিবর্তন আনা হয়নি।
তাই ব্যবহারকারীদের অপছন্দের পোস্টে করা মন্তব্যই অ্যালগরিদমের মাধ্যমে বিপরীতমুখী কনটেন্ট বেশি সামনে আসার মূল কারণ কি না, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। গবেষকদের মতে, এই প্রক্রিয়ার প্রকৃত কারণ ও কার্যপদ্ধতি আরও ভালোভাবে বুঝতে ভবিষ্যতে বৃহত্তর পরিসরে নিয়ন্ত্রিত গবেষণা প্রয়োজন।