
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতি নিয়ে নতুন করে সতর্কবার্তা দিয়েছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, অসৎ উদ্দেশ্যসম্পন্ন ব্যক্তিদের হাতে অত্যাধুনিক এআই প্রযুক্তি চলে গেলে তা ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। এমন পরিস্থিতিতে প্রায় ১০০ কোটি মানুষের প্রাণহানিও ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
বিল গেটসের মতে, এআই এমন শক্তিশালী প্রযুক্তিতে পরিণত হচ্ছে, যার অপব্যবহার মানবজাতির জন্য নজিরবিহীন হুমকি তৈরি করতে পারে। তাই প্রযুক্তিটির ব্যবহার ও উন্নয়নের ওপর কার্যকর নজরদারি নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে দ্রুত আলোচনায় যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে শুধু গেটসই নন, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও প্রযুক্তি খাতের বিশেষজ্ঞরাও সতর্ক করে আসছেন। যুক্তরাজ্যের অ্যালান টিউরিং ইনস্টিটিউটের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক বছরের মধ্যে এমন সুপারইন্টেলিজেন্ট এআই ব্যবস্থা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা গুরুত্বপূর্ণ অনেক জ্ঞানগত কাজে মানুষের সক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে।
প্রতিবেদনটিতে আশঙ্কা করা হয়েছে, এআই এমন কৌশল বা পদ্ধতি নিজে তৈরি করতে শুরু করলে, যা মানুষ বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যথাযথভাবে মূল্যায়ন করতে পারছে না, সেক্ষেত্রে প্রযুক্তিটির ওপর কার্যকর মানবীয় নিয়ন্ত্রণ বজায় রাখা কঠিন হয়ে পড়তে পারে। রাসায়নিক ও জৈবিক হুমকির মতো ঝুঁকির ক্ষেত্রেও এআইয়ের অপব্যবহারের সম্ভাবনা নিয়ে উদ্বেগ তুলে ধরা হয়েছে।
এদিকে মার্কিন এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই ফ্রন্টিয়ার এআইয়ের উন্নয়নে সাময়িক বিরতি, তৃতীয় পক্ষের মাধ্যমে নিরাপত্তা মূল্যায়ন এবং অভিন্ন নিরাপত্তা মানদণ্ড তৈরির প্রস্তাব দিয়েছেন। এআই নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও তিনি বলেছেন।
প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে এআইয়ের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় কীভাবে কার্যকর নিরাপত্তাব্যবস্থা ও আন্তর্জাতিক নীতিমালা তৈরি করা যায়, সেটিই এখন প্রযুক্তি বিশ্বে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে।
সূত্র: এনডিটিভি