
বাজারে আসার পর অল্প সময়ের মধ্যেই ব্যবহারকারীদের মধ্যে সাড়া ফেলেছে মেটার কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন অ্যাপ ‘মিউজ’। অ্যাপ বিশ্লেষণ প্রতিষ্ঠান অ্যাপটোপিয়ার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও কানাডায় উন্মোচনের পর প্রথম ১২ দিনে মিউজের ইনস্টল সংখ্যা একই সময়ের চ্যাটজিপিটির চেয়ে বেশি ছিল।
শুধু অ্যাপ নামানোর ক্ষেত্রেই নয়, দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যাতেও মিউজ এগিয়ে রয়েছে বলে অ্যাপটোপিয়ার হিসাবে উঠে এসেছে। তবে এগুলো মেটা কিংবা ওপেনএআই প্রকাশিত নিজস্ব তথ্য নয়; অ্যাপটোপিয়ার তৃতীয় পক্ষের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে এসব সংখ্যা অনুমান করেছে।
দুই অ্যাপের তুলনা কেন সরাসরি নয়
চ্যাটজিপিটি ও মিউজের প্রাথমিক সাফল্য তুলনা করার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে। কারণ চ্যাটজিপিটি যখন প্রথম মুঠোফোনে চালু হয়েছিল, তখন বিশ্বজুড়ে শুধু আইফোন ব্যবহারকারীরাই এটি ব্যবহার করতে পারতেন।
অন্যদিকে মিউজ বর্তমানে আইফোনের পাশাপাশি অ্যান্ড্রয়েড মুঠোফোনেও ব্যবহার করা যাচ্ছে। তবে অ্যাপটি এখনো শুধু যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে চালু হয়েছে।
এই পার্থক্য বিবেচনায় নিয়ে তুলনাটিকে কাছাকাছি করতে অ্যাপটোপিয়া দুই অ্যাপের উন্মোচনের পর প্রথম ১২ দিনের যুক্তরাষ্ট্র ও কানাডার আইফোন ব্যবহারকারীদের তথ্য আলাদাভাবে বিশ্লেষণ করেছে।
প্রথম ১২ দিনে মিউজের ইনস্টল ১৮ লাখ
অ্যাপটোপিয়ার ওই বিশ্লেষণে দেখা গেছে, যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রথম ১২ দিনে মিউজ ১৮ লাখ বার ইনস্টল করা হয়েছে। একই সময়ে চ্যাটজিপিটির ইনস্টলের সংখ্যা ছিল ১৩ লাখ।
তবে শুধু উত্তর আমেরিকার এই হিসাব নয়, বিশ্বজুড়ে উন্মোচনের প্রথম ১২ দিনে মিউজ মোট ২৮ লাখবার ইনস্টল হয়েছে বলেও জানিয়েছে অ্যাপটোপিয়া।
যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরে দ্রুত শীর্ষে মিউজ
যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরেও বাজারে আসার পর মিউজ দ্রুত ওপরের দিকে উঠে এসেছে। উন্মোচনের পরপরই সামগ্রিক অ্যাপ তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল এটি। পরে অল্প সময়ের মধ্যেই প্রথম অবস্থানে উঠে আসে মিউজ।
ওই সময় অ্যাপটির ইনস্টল সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গিয়েছিল বলে জানিয়েছিল আরেক বাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান অ্যাপফিগারস।
দৈনিক সক্রিয় ব্যবহারকারীতেও এগিয়ে
মিউজের ব্যবহারকারীর সংখ্যা শুধু ইনস্টলের ক্ষেত্রেই বাড়ছে না, দৈনিক সক্রিয় ব্যবহারকারীর হিসাবেও অ্যাপটির ব্যবহার দ্রুত বাড়ছে।
যুক্তরাষ্ট্রের মুঠোফোন ব্যবহারকারীদের মধ্যে মিউজের দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৬ লাখ ৪২ হাজার বলে জানিয়েছে অ্যাপটোপিয়া। একই সময়ে চ্যাটজিপিটির দৈনিক সক্রিয় ব্যবহারকারী ছিল প্রায় ২ লাখ ৩১ হাজার।
শুধু আইফোন ব্যবহারকারীদের হিসাব বিবেচনা করলেও মিউজ এগিয়ে রয়েছে। অ্যাপটোপিয়ার তথ্য অনুযায়ী, মিউজের দৈনিক সক্রিয় আইফোন ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩ লাখ ৫৯ হাজার।
তবে এসব পরিসংখ্যানকে চূড়ান্ত হিসাব হিসেবে বিবেচনা করা যাচ্ছে না। কারণ অ্যাপটোপিয়ার কাছে মেটার অভ্যন্তরীণ ব্যবহারকারীসংক্রান্ত কোনো তথ্য নেই। বিভিন্ন উৎসের তথ্য বিশ্লেষণ করেই প্রতিষ্ঠানটি এসব সংখ্যা অনুমান করেছে।
ফেসবুক-ইনস্টাগ্রামের সঙ্গে সংযোগে বাড়ছে ব্যবহার
মিউজের দ্রুত জনপ্রিয়তার পেছনে মেটার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর ভূমিকা থাকতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অ্যাপটি ফেসবুক ও ইনস্টাগ্রামের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও মিউজ ব্যবহার করা যায়।
অ্যাপটোপিয়ার তথ্য বলছে, মিউজ ব্যবহারকারীদের ৯৫ শতাংশের বেশি একই সঙ্গে ফেসবুক ব্যবহার করেন। আর মিউজ ব্যবহারকারীদের ৬৩ শতাংশ ইনস্টাগ্রামও ব্যবহার করেন।
প্রকৃত ব্যবহারকারী সংখ্যা এখনো নিশ্চিত নয়
মেটা এখন পর্যন্ত মিউজের প্রাথমিক ব্যবহারকারীর সংখ্যা নিয়ে কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করেনি। ফলে অ্যাপটির প্রকৃত ব্যবহারকারী সংখ্যা ঠিক কত, তা নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে না।
তবে তৃতীয় পক্ষের প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী, বাজারে উন্মোচনের পর অল্প সময়ের মধ্যেই মেটার নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপটি উল্লেখযোগ্যসংখ্যক ব্যবহারকারী আকর্ষণ করতে শুরু করেছে।