
ইরানের সঙ্গে সংঘাত নিরসন এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তেহরানের প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বেড়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১০৬ ডলারের ওপরে উঠে যায়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় ২৭ সেপ্টেম্বর রাত ১০টা ২ মিনিটে ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ১ দশমিক ৮২ ডলার বা ১ দশমিক ৭৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৬ দশমিক ১৪ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ২৩ শতাংশ বেড়ে ৯৩ দশমিক ৫৫ ডলারে পৌঁছায়।
তেলের বাজারে সাম্প্রতিক সময়েও উল্লেখযোগ্য ওঠানামা দেখা গেছে। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল এবং যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাজারে সরবরাহ-উদ্বেগ বাড়াচ্ছে। ট্রাম্প ২৬ সেপ্টেম্বর ইরানের সাত দিনের একটি রোডম্যাপ প্রত্যাখ্যান করেন। ওই প্রস্তাবে নির্দিষ্ট শর্ত পূরণ হলে এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর কথা বলা হয়েছিল।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, প্রস্তাবটির আওতায় যুক্তরাষ্ট্রকে ইরানি বন্দরগুলোর ওপর নৌ অবরোধ প্রত্যাহার, ইরানের তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা শিথিল এবং আঞ্চলিক যুদ্ধবিরতিসহ কয়েকটি পদক্ষেপ নিতে হবে। এরপর হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল ফিরিয়ে আনার কথা ছিল।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি। স্বাভাবিক সময়ে বৈশ্বিক তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে প্রণালিতে নৌ চলাচল নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও তেলের দামের ওপর তাৎক্ষণিক প্রভাব পড়তে পারে।
সূত্র: রয়টার্স, আলজাজিরা।