
নিরাপত্তাঝুঁকির কারণে কাতারে অনুষ্ঠেয় ছেলেদের ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নিজেদের দল প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (১১ নভেম্বর) খেলোয়াড়দের পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।
বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা চিঠিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভ্রমণ সতর্কবার্তা বিবেচনায় নিয়ে প্রাক্-টুর্নামেন্ট অনুশীলন ক্যাম্প ও মূল প্রতিযোগিতায় অংশগ্রহণ বাতিল করা হয়েছে। আগামী ১৯ নভেম্বর কাতারে শুরু হওয়ার কথা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। এই প্রতিযোগিতার ‘জে’ গ্রুপে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ ছিল মন্টেনিগ্রো, আলজেরিয়া ও চিলি।
চিঠিতে কাতার ভ্রমণের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের তৃতীয় স্তরের সতর্কতা এবং দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য জারি করা বিশেষ নির্দেশনার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়েছে, ‘আমাদের খেলোয়াড় ও কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষাই সব সময় আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।’
যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন জানিয়েছে, বুধবারই খেলোয়াড়দের ক্লাবগুলোকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তবে ফিফা আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্তটি ঘোষণা না করা পর্যন্ত খেলোয়াড়দের এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে গত মাসে কাতার নিয়ে নিজেদের ভ্রমণ সতর্কতা হালনাগাদ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সেখানে সশস্ত্র সংঘাতের ঝুঁকির কথা উল্লেখ করে মধ্যপ্রাচ্যের দেশটিতে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনা করতে মার্কিন নাগরিকদের পরামর্শ দেওয়া হয়। সতর্কবার্তায় সৌদি আরবের বিভিন্ন বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার বিষয়টিও তুলে ধরা হয়।
সূচি অনুযায়ী, ৪৮টি দলের অংশগ্রহণে আগামী ১৯ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত এই বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। ২১ নভেম্বর মন্টেনিগ্রোর বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করার কথা ছিল যুক্তরাষ্ট্রের। এরপর গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ হিসেবে ছিল চিলি ও আলজেরিয়া।
গত বছরও কাতারে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অংশ নিয়েছিল যুক্তরাষ্ট্র। সেবার গ্রুপ পর্বের বাধা পেরিয়ে শেষ ৩২ দলে জায়গা করে নিয়েছিল তারা। ফিফার পরিকল্পনা অনুযায়ী, ২০২৯ সাল পর্যন্ত প্রতিবছরই কাতারে এই টুর্নামেন্ট আয়োজন করা হবে।