
স্পেনের রাজপরিবারের দেওয়া মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড’ গ্রহণ করতে স্পেন সফরে যাচ্ছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। ক্রীড়া বিভাগে ২০২৬ সালের বিজয়ী নির্বাচিত হয়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। ৪৩ বছরের ইতিহাসে প্রথম একক ফুটবলার হিসেবে এই সম্মাননা পেতে যাচ্ছেন তিনি।
বার্লামেন টুডের প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৩ অক্টোবর স্পেনের ওভিয়েদো শহরের ঐতিহাসিক তেয়াত্রো কাম্পোয়ামোর প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে মেসির হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে ও রানি লেতিসিয়া।
১৯৮১ সালে যাত্রা শুরু করা ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড’ আন্তর্জাতিক পর্যায়ে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া হয়। বিজ্ঞান, সাহিত্য, শিল্পকলা, সামাজিক বিজ্ঞান, আন্তর্জাতিক সহযোগিতা ও খেলাধুলাসহ আটটি বিভাগে এ পুরস্কার প্রদান করে প্রিন্সেস অব আস্তুরিয়াস ফাউন্ডেশন।
পুরস্কার হিসেবে বিজয়ীদের দেওয়া হয় বিখ্যাত শিল্পী হুয়ান মিরোর নকশা করা একটি স্মারক ভাস্কর্য, সনদ, ব্যাজ এবং ৫০ হাজার ইউরো অর্থমূল্য।
গত ৩ জুন স্পেনের ওভিয়েদোতে জুরিবোর্ডের আনুষ্ঠানিক ঘোষণায় মেসিকে ২০২৬ সালের ক্রীড়া বিভাগের বিজয়ী হিসেবে নির্বাচিত করার কথা জানানো হয়। মাঠে তাঁর অসাধারণ সাফল্য, ধারাবাহিক পারফরম্যান্স ও বিনয়ের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় দীর্ঘদিনের দাতব্য কর্মকাণ্ড জুরিদের বিবেচনায় এসেছে।
বিশ্বজুড়ে মনোনীত ২৭ জন খ্যাতনামা ব্যক্তিত্বের মধ্য থেকে মেসিকে বেছে নেয় প্রিন্সেস অব আস্তুরিয়াস ফাউন্ডেশন। ফুটবল মাঠে একের পর এক সাফল্যের পর এবার আন্তর্জাতিক পর্যায়ে সামাজিক অবদান ও ক্রীড়াক্ষেত্রে অর্জনের স্বীকৃতি হিসেবে নতুন সম্মাননা যোগ হতে যাচ্ছে তাঁর ঝুলিতে।