
আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ হিসেবে লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটতে যাচ্ছে। বর্তমান চুক্তির মেয়াদ ডিসেম্বরের শেষে শেষ হলেও নতুন চুক্তিতে সম্মতি দিয়েছেন বিশ্বকাপজয়ী এই কোচ। সবকিছু ঠিক থাকলে ২০৩০ সালের বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে দেখা যেতে পারে তাঁকে। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
আন্তর্জাতিক ফুটবলের ইতালীয় সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওতে জানিয়েছেন, নতুন চুক্তিতে সম্মতি দিয়েছেন স্কালোনি। তাঁর দাবি, ২০৩০ সালের জুলাই পর্যন্ত আর্জেন্টিনার প্রধান কোচের দায়িত্বে থাকবেন তিনি।
তবে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, স্কালোনির সঙ্গে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রাথমিক চুক্তি হবে দুই বছরের। এতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হবে। ২০২৮ সালের কোপা আমেরিকার পর চুক্তিতে এমন একটি শর্ত যুক্ত হতে পারে, যার মাধ্যমে ২০৩০ বিশ্বকাপের শেষ পর্যন্ত দায়িত্ব বাড়ানোর সুযোগ থাকবে।
স্কালোনির অধীনে আর্জেন্টিনা ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা, কাতার বিশ্বকাপ ২০২২ এবং ২০২৪ সালের কোপা আমেরিকার শিরোপা জিতেছে। ২০২৬ বিশ্বকাপেও দলটি রানার্সআপ হয়েছে। এএফএ তাই নতুন চুক্তির পাশাপাশি বর্তমান কোচিং প্যানেলও ধরে রাখতে চায়।
টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, স্কালোনির সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েলকে দায়িত্বে রাখার চেষ্টা চলছে। তবে কোচিং ক্যারিয়ারে পরিবর্তন আনার বিষয়ে স্যামুয়েলের নিজস্ব পরিকল্পনা রয়েছে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
সেপ্টেম্বর-অক্টোবরে ফিফার আন্তর্জাতিক বিরতির সময় স্যামুয়েলকে নিয়ে স্কালোনি বলেছিলেন, ‘এতে কোনো সন্দেহ নেই যে, অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার পাশাপাশি সে আমার বন্ধুও। আমি তার মঙ্গল চাই। সে যদি কোনো সিদ্ধান্ত নিতে চায়, তবে তার সেই স্বাধীনতা দেওয়াই ন্যায্য।’
স্যামুয়েলকে নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়ার কথা বললেও তাঁর অনুপস্থিতি দলের জন্য কতটা বড় ক্ষতি হতে পারে, সেটিও তুলে ধরেছেন আর্জেন্টাইন কোচ।
২০৩০ সালে বিশ্বকাপের শতবর্ষ পূর্তি উপলক্ষে বিশেষ আয়োজন থাকছে। মূল আসর স্পেন, পর্তুগাল ও মরক্কোয় অনুষ্ঠিত হওয়ার কথা। তবে উদ্বোধনী আয়োজনের অংশ হিসেবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে একটি করে ম্যাচ হবে। ফলে স্কালোনি দায়িত্বে থাকলে আর্জেন্টিনার মাটিতে বিশ্বকাপের ঐতিহাসিক ম্যাচ ঘিরেও তাঁকে পরিকল্পনা করতে হবে।