
ক্লাবের নীতি ও দল গঠন নিয়ে প্রকাশ্যে সমালোচনা করে বিতর্কে জড়ানোর পর সতীর্থ ও কোচের প্রতি আস্থা প্রকাশ করে ক্ষমা চেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস। তবে ক্ষমা চাইলেও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ক্লাবের আর্থিক শাস্তির মুখে পড়েছেন ২৮ বছর বয়সী এই ফুটবলার।
গত মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়নস লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হারের পর ক্লাবের দল গঠন ও ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মার্তিনেস। তার অভিযোগ ছিল, প্রধান কোচ মাইকেল ক্যারিককে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল গড়ার জন্য পর্যাপ্ত ও কার্যকর খেলোয়াড় দেওয়া হয়নি। পাশাপাশি ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর জেসন উইলকক্সের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি এবং স্কোয়াডে আরও বিনিয়োগের প্রয়োজনীয়তার কথা বলেন।
তার এমন মন্তব্যের সমালোচনা করেন ইউনাইটেডের সাবেক অধিনায়ক রয় কিন। পরিস্থিতিকে তিনি ‘এক ধরনের সার্কাস’ বলে আখ্যা দেন।
বিতর্কের পর বৃহস্পতিবার ক্লাবের নেতৃত্ব ও কোচের সঙ্গে বৈঠক করেন মার্তিনেস। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। মার্তিনেস বলেন, বৈঠকটি ইতিবাচক হয়েছে এবং সেখানে সবাই নিজেদের দৃষ্টিভঙ্গি খোলামেলাভাবে তুলে ধরতে পেরেছেন।
তিনি স্বীকার করেন, পরাজয়ের হতাশা থেকে এমন সময়ে ও এমন জায়গায় ক্ষোভ প্রকাশ করেছিলেন, যা যথাযথ ছিল না। এ জন্য আন্তরিকভাবে ক্ষমাও চান তিনি।
মার্তিনেস আরও বলেন, ঐক্যবদ্ধ থাকলেই দল সর্বোচ্চ সাফল্য অর্জন করতে পারে। সতীর্থ ও ম্যানেজারের প্রতি পূর্ণ আস্থা জানিয়ে সামনের ম্যাচগুলোতে ক্লাবের সাফল্যে মনোযোগ দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
এদিকে এ ঘটনার পর ইউনাইটেডে মার্তিনেসের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে। মৌসুম শেষে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও চুক্তি আরও ১২ মাস বাড়ানোর বিকল্প রয়েছে ক্লাবের হাতে। সেই বিকল্প ব্যবহার করা হবে কি না, তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।
আগামী রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের মুখোমুখি হবে মাইকেল ক্যারিকের দল। ওই ম্যাচের একাদশে মার্তিনেস সুযোগ পান কি না, সেদিকেও নজর থাকবে সমর্থকদের।