
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটির মধ্যে ব্যাংকিং কার্যক্রমের সমন্বয়ে আগামী শনিবার (১৭ অক্টোবর) দেশের সব তফসিলি ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এদিন অন্যান্য স্বাভাবিক কর্মদিবসের মতো ব্যাংকিং লেনদেন চলবে। তবে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিন ব্যাংক বন্ধ থাকবে।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসডিএডি) মো. আব্দুল মান্নানের সই করা এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৭ অক্টোবরের প্রজ্ঞাপন অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০, ২১ ও ২২ অক্টোবর যথাক্রমে মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার দেশের সব তফসিলি ব্যাংকে ছুটি থাকবে। এর পরিবর্তে ১৭ অক্টোবর শনিবার ব্যাংকগুলোতে স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হবে।
তবে ছুটির দিনগুলোতে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনা অনুযায়ী, ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু রাখতে হবে।
এ জন্য স্থানীয় প্রশাসন, সংশ্লিষ্ট বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে ব্যাংকগুলো।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।
এর আগে ৭ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে এক দিনের অতিরিক্ত ছুটি ঘোষণা করে সরকার। পূর্বনির্ধারিত ছুটির পাশাপাশি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণার ফলে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিনের ছুটি তৈরি হয়। এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচ দিন ছুটি পাবেন।