
লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নেমে বলিভিয়ার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে আর্জেন্টিনা। ঘরের মাঠে ৪-০ গোলের জয়ে দলের হয়ে গোল করেছেন লাউতারো মার্তিনেজ, নিকো পাজ, ক্রিস্টিয়ান রোমেরো ও হোসে ম্যানুয়েল লোপেজ।
বৃহস্পতিবার ভোরে মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে লিওনেল স্কালোনির দল। বল দখল, আক্রমণ ও সুযোগ তৈরিতে পুরো ম্যাচেই বলিভিয়ার ওপর আধিপত্য দেখায় তারা।
ম্যাচে প্রায় ৬৯ শতাংশ সময় বল নিজেদের দখলে রাখে আর্জেন্টিনা। প্রতিপক্ষের গোলমুখে মোট ১৬টি শট নেয় তারা, যার ছয়টি ছিল লক্ষ্যে। অন্যদিকে বলিভিয়া পুরো ম্যাচে মাত্র তিনটি শট নিতে পেরেছে এবং এর একটিও আর্জেন্টিনার গোলপোস্টে রাখতে পারেনি।
মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার শেষের দিকে চলে আসার প্রেক্ষাপটে এই ম্যাচে আর্জেন্টিনার নেতৃত্বে ছিলেন ক্রিস্টিয়ান রোমেরো। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার ম্যাচেই গোল করে দলের বড় জয়ে অবদান রাখেন তিনি।
আর্জেন্টিনার হয়ে লাউতারো মার্তিনেজ, নিকো পাজ, রোমেরো ও হোসে ম্যানুয়েল লোপেজ একটি করে গোল করেন।