
মেয়েদের টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে সহজ জয় পেয়েছে বাংলাদেশ। এবার ‘বি’ গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল শ্রীলঙ্কার সামনে নিগার সুলতানা জ্যোতিদের পরীক্ষা। আজকের ম্যাচে জয় তুলে নিয়ে সেমিফাইনালের পথ আরও সহজ করতে চায় বাংলাদেশ।
দলের জয়ের প্রত্যাশার কথা জানিয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্য জুয়াইরিয়া ফেরদৌস। এক অডিও বার্তায় তিনি বলেন, ‘অবশ্যই আমরা জয়ের চেষ্টা করব।’
ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশ বড় ব্যবধানে জয় পেলেও ব্যাট হাতে জুয়াইরিয়ার পারফরম্যান্স ছিল উল্লেখ করার মতো নয়। তবে শ্রীলঙ্কার বিপক্ষে নিজের দায়িত্ব ভালোভাবে পালনের প্রত্যয় রয়েছে জাতীয় দলের এই ওপেনারের। তিনি বলেন, ‘আমার ভূমিকা ইনিংস উদ্বোধন করা। পাওয়ার প্লেতে ভালো করতে চাই।’
ইন্দোনেশিয়ার বিপক্ষে যে মাঠে খেলেছে বাংলাদেশ, সেই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে তারা। প্রথম ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভেন্যু ও স্থানীয় কন্ডিশনের সঙ্গে নিজেদের আরও মানিয়ে নেওয়ার সুযোগ দেখছেন জুয়াইরিয়া। তাঁর ভাষায়, ‘প্রথম ম্যাচ খেলে মাঠের পরিবেশ এবং উইকেটের আচরণ সম্পর্কে আমরা একটা ধারণা পেয়েছে। এটা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে কাজে দেবে।’
বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে দুই দলের ম্যাচ। দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের পরিকল্পনা নিয়েও কথা বলেছেন জুয়াইরিয়া। তিনি বলেন, ‘যার যা ভূমিকা, সেটা যেন সবাই সর্বোচ্চটা দিয়ে পালন করি, এটাই পরিকল্পনা।’
‘বি’ গ্রুপে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়েছে শ্রীলঙ্কা। ফলে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তারা। একটি ম্যাচে জয় পাওয়া বাংলাদেশের সংগ্রহ ২ পয়েন্ট, অবস্থান শ্রীলঙ্কার পরেই। অন্যদিকে তিন ম্যাচ খেলে তিনটিতেই হেরে টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিশ্চিত হয়েছে ইন্দোনেশিয়ার।
এমন পরিস্থিতিতে আজ শ্রীলঙ্কাকে হারাতে পারলে সেমিফাইনালের টিকিট অনেকটাই নিশ্চিত করে ফেলবে বাংলাদেশ। ম্যাচ ধরে ধরে এগিয়ে যাওয়ার পরিকল্পনা থাকলেও দলের চূড়ান্ত লক্ষ্য ফাইনালে খেলা। জুয়াইরিয়াও সেই লক্ষ্য থেকে সরে আসছেন না। গতকাল তিনি বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে জিততে পারলে সেমিফাইনালের পথে ভালোভাবেই এগিয়ে যাব। লক্ষ্যের আরও কাছাকাছি হব।’