
কিলিয়ান এমবাপে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ, একের পর এক সুযোগ নষ্ট করলেন রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের খেলোয়াড়রা। আর সেই সুযোগ কাজে লাগিয়ে ট্রয় প্যারোটের একমাত্র গোলে রিয়াল মাদ্রিদকে মৌসুমের প্রথম হারের স্বাদ দিল রিয়াল বেটিস।
শুক্রবার সেভিয়ার লা কার্তুহা স্টেডিয়ামে অনুষ্ঠিত লা লিগার ম্যাচে রিয়ালের নতুন মেয়াদে প্রথম হারের মুখ দেখলেন কিংবদন্তি কোচ হোসে মরিনিয়োও। ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত কোনো দলই গোলের দেখা পায়নি। এ সময়ে এমবাপে ও ভিনিসিয়ুস জুনিয়ররা একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি।
৮১ মিনিটে পিছিয়ে পড়ার পর রিয়ালের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। এরপর পেনাল্টি থেকে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল মাদ্রিদ। কিন্তু স্পট কিক থেকেও ব্যর্থ হন ফরাসি অধিনায়ক এমবাপে।
আগের দুই ম্যাচে চার গোল করা এমবাপে বেটিসের বিপক্ষে একাই তিনটি সুবর্ণ সুযোগ নষ্ট করেন। অবশ্য রিয়ালের মোট তিনটি প্রচেষ্টা পোস্টে লেগে ফিরে আসে, যার একটি ছিল এমবাপের।
চার ম্যাচে প্রথম হারের পর মরিনিয়োর দল ৯ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের দ্বিতীয় স্থানে নেমে গেছে। সমান ৯ পয়েন্ট নিয়ে বেটিস তৃতীয় স্থানে রয়েছে। এক ম্যাচ কম খেলা বার্সেলোনাও ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে।
ম্যাচের শুরুতেই ১১ মিনিটে প্রথম সুযোগ তৈরি করে রিয়াল। তবে আর্দা গুলার ও ডিন হুইজসেনের সম্মিলিত প্রচেষ্টা বেটিসের গোলরক্ষক আলভারো ভালেস আটকে দেন। তিন মিনিট পর ভিনিসিয়ুস জুনিয়রের দূরূহ কোণ থেকে নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে।
৪৩ মিনিটে এগিয়ে যাওয়ার বড় সুযোগ পান এমবাপে। মাঝমাঠ থেকে পাওয়া থ্রু পাস ধরে ভিনিসিয়ুস ডি-বক্সে ঢুকে গোলরক্ষকের পাশ দিয়ে বল বাড়িয়ে দেন এমবাপেকে। কিন্তু ফরাসি ফরোয়ার্ডের পরপর দুটি প্রচেষ্টাই বেটিসের দুই ডিফেন্ডারের গায়ে লেগে ব্যর্থ হয়।
বিরতির ঠিক আগে আরও দুটি সুযোগ নষ্ট করে সফরকারীরা। জুড বেলিংহ্যামের হেড গোলরক্ষক ঠেকিয়ে দেওয়ার পর হুইজসেনের হেড ক্রসবারে লেগে ফিরে আসে।
দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণে ওঠে রিয়াল। কিন্তু এমবাপের আরেকটি সুযোগ নষ্টের পর ম্যাচের ৮০ মিনিট পেরোতেই গোল হজম করে তারা।
কর্নার থেকে আসা বল হেড করে গোলমুখে পাঠানোর পর থিবো কোর্তোয়া তা ঠেকিয়ে দিলেও বিপদ পুরোপুরি কাটাতে পারেননি। ফিরতি বল পেয়ে সেটিই মাদ্রিদের জালে জড়িয়ে দেন ট্রয় প্যারোট। শেষ পর্যন্ত তার ওই একমাত্র গোলেই জয় নিশ্চিত করে বেটিস।