
হুট করেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে এবারের আসরের মাঝপথে মাঠে নামবেন তিনি। বিষয়টি চ্যানেল ২৪কে নিশ্চিত করেছেন মিরাজ নিজেই।
এর আগে ২০১৭ সালে সিপিএলে খেলতে গিয়েছিলেন মিরাজ। সেবার শাহরুখ খানের দল ত্রিনবাগো নাইট রাইডার্স তাকে টুর্নামেন্টের শেষ দিকে কয়েকটি ম্যাচের জন্য দলে নিয়েছিল। তবে কোনো ম্যাচেই মাঠে নামার সুযোগ পাননি তিনি।
এবার অবশ্য টুর্নামেন্টের মাঝপথেই গায়ানার শিবিরে যোগ দিচ্ছেন মিরাজ। এবারের আসরে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে তিনটিতেই জয় পেয়েছে গায়ানা। ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে দলটি। প্রথম পর্বে তাদের আরও সাতটি ম্যাচ বাকি। এরপর কোয়ালিফাইং রাউন্ডে উঠতে পারলে ম্যাচের সংখ্যা আরও বাড়তে পারে।
তবে পুরো টুর্নামেন্টে গায়ানার হয়ে খেলার সুযোগ পাচ্ছেন না মিরাজ। মোহাম্মদ নবীর বদলি হিসেবে তাকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ভারতের বিপক্ষে সিরিজ খেলতে যাওয়ার আগে আগামী ৭ সেপ্টেম্বর সিপিএলে নিজের শেষ ম্যাচ খেলবেন নবী। তার আগেই গায়ানা শিবিরে যোগ দেবেন মিরাজ।
জানা গেছে, কোয়ালিফায়ার পর্বের আগে গায়ানার হয়ে চারটি ম্যাচ খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মিরাজ। ৯, ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বরের ম্যাচগুলোতে তাকে পাওয়ার কথা রয়েছে। দলটি কোয়ালিফায়ারে উঠতে পারলে মিরাজের ম্যাচের সংখ্যাও বাড়তে পারে।
এর আগে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্স এবং লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) গল গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলেছেন মিরাজ। তবে দুই লিগেই তার পারফরম্যান্স খুব একটা উল্লেখযোগ্য ছিল না। তারপরও এবার তার ওপর আস্থা রেখেছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স।
গায়ানার স্কোয়াডে মিরাজের সঙ্গে রয়েছেন গ্লেন ফিলিপস, শাই হোপ, শিমরন হেটমায়ার, মোহাম্মদ নবী, রোমারিও শেফার্ড ও শামার জোসেফের মতো তারকা ক্রিকেটাররা। দলটির অধিনায়ক সাবেক দক্ষিণ আফ্রিকান লেগ স্পিনার ইমরান তাহির।