
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত আবদুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণার দাবিতে হাইকোর্টে রিট করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয় বলে জানিয়েছেন আইনজীবী ইব্রাহিম খলিল।
তিনি জানান, হলফনামা জালিয়াতির অভিযোগ তুলে নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা নাজমুল হোসেন রিটটি করেছেন।
রিটকারীর আইনজীবী জানান, বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি অনুষ্ঠিত হবে।
রিটে আবদুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এবং তাৎক্ষণিক উদ্যোগ গ্রহণের জন্য আইন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।