
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় দেশের কোনো টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার না হওয়ায় তৈরি হয়েছে নানা আলোচনা-সমালোচনা। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। মিরপুরে আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে সিরিজের সম্প্রচার স্বত্ব ও বিসিবির ভূমিকা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন তিনি।
তামিম বলেন, 'আমি বিস্তারিত জানি যে কী হয়েছে। দুর্ভাগ্যবশত সেটি শেয়ার করতে পারছি না, তবে এখানে একটি কারিগরি কারণ ছিল। হোম সিরিজ হলে আমরা দায়িত্বশীল থাকি, কিন্তু অ্যাওয়ে সিরিজের ক্ষেত্রে বিসিবির কোনো দায়বদ্ধতা নেই কারণ আমরা সিদ্ধান্ত নিই না কারা দেখাবে। যারা নিয়মিত খেলা দেখায় আমি তাদের বলেছি যে এটি দুঃখজনক।'
দেশের ক্রিকেট সম্প্রচারে নিয়মিত যুক্ত থাকা প্রতিষ্ঠানটির প্রশংসা করে বিসিবি সভাপতি বলেন, 'তারা বাংলাদেশ ক্রিকেটের বড় সমর্থক, তাদের ছোট করতে চাই না। তবে বাংলাদেশের চ্যানেলে দেখালে আমরা আরও খুশি হতাম। তাদের হয়তো কোনো কারণ ছিল যা আমরা জানি না। তারা আমাদের পার্টনার এবং আমি তাদের সম্মান করি। আশা করি ভবিষ্যতে এমন পরিস্থিতিতে আমরা বাংলাদেশের টিভি চ্যানেলে খেলা দেখতে পাব।'
ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে আরও সতর্ক থাকার কথাও জানিয়েছেন তামিম। তিনি বলেন, 'অবশ্যই আমরা ভবিষ্যতে আরও সতর্ক হব যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়। অর্থের চেয়ে খেলা দেখানোকে অগ্রাধিকার দেওয়া হবে। বাংলাদেশে খেলা দেখানো উচিত, তবে এটি ক্রিকেট বোর্ডের বিষয় নয়। রাইটস ছিল অস্ট্রেলিয়ার। তারা কাকে দিবে বা বিক্রি করবে সেটি তাদের সিদ্ধান্ত।'
অ্যাওয়ে সিরিজের সম্প্রচার স্বত্বে বিসিবির সরাসরি নিয়ন্ত্রণ নেই—এ বিষয়টিও পরিষ্কার করেন তিনি। তামিম বলেন, 'আমরা যখন হোস্ট করি তখন আমরা সিদ্ধান্ত নিই। এখানে ক্রিকেট বোর্ডের সরাসরি কোনো সম্পৃক্ততা নেই। তবে যেহেতু আমাদের অনেক অনুসারী আছে, আমরা আশা করতেই পারি যে দেশের চ্যানেলে দেখাবে। তারা আমাদের পার্টনার এবং আমি তাদের সম্মান করি। আশা করি সামনে সব সুন্দরভাবে হবে।'
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বড় জয় পেয়েছে বাংলাদেশ। তবে দেশের দর্শকদের জন্য ম্যাচটি কোনো টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারিত না হওয়ায় সেই জয় উপভোগের সুযোগ নিয়ে প্রশ্ন ওঠে। এ ঘটনার পরই সম্প্রচার ব্যবস্থা নিয়ে বিসিবি সভাপতির বক্তব্য সামনে এলো।