
বাংলাদেশ ক্রিকেটের হাই-পারফরম্যান্স অবকাঠামোকে আরও আধুনিক ও কার্যকর করতে ভারতের অভিজ্ঞতা কাজে লাগাতে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই উদ্যোগের অংশ হিসেবে বর্তমানে ভারত সফরে রয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
আজ দেশটির বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেন্টার অব এক্সিলেন্স পরিদর্শনের কথা রয়েছে তার। এ সফরে তামিমের সঙ্গে রয়েছেন বিসিবির পরিচালক শাহনিয়ান তানিমও।
সফরকালে তারা ভারতের আধুনিক ক্রিকেট অবকাঠামো ঘুরে দেখবেন এবং সেন্টার অব এক্সিলেন্সের পরিচালনা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা নেবেন। একই সঙ্গে সেন্টারের পরিচালক ভিভিএস লক্ষ্মণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করারও কথা রয়েছে।
দীর্ঘদিন ধরেই ঢাকায় একটি আন্তর্জাতিক মানের সেন্টার অব এক্সিলেন্স প্রতিষ্ঠার পরিকল্পনা করছে বিসিবি। সেই পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবেই এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
প্রতিনিধিদল খেলোয়াড় উন্নয়ন, স্পোর্টস সায়েন্স, বায়োমেকানিক্স, পুনর্বাসন, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং, অ্যানালিটিক্স এবং বয়সভিত্তিক ক্রিকেট কার্যক্রম কীভাবে একই কাঠামোর আওতায় পরিচালিত হয়, সে বিষয়েও সরাসরি অভিজ্ঞতা অর্জন করবেন।
জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ) পরিবর্তে কয়েক বছর আগে চালু হওয়া বিসিসিআইয়ের এই সেন্টার অব এক্সিলেন্স বর্তমানে ভারতীয় ক্রিকেটের হাই-পারফরম্যান্স কার্যক্রমের কেন্দ্রবিন্দু। বেঙ্গালুরুর উপকণ্ঠে অবস্থিত এই বিশাল ক্যাম্পাসে রয়েছে একাধিক ইনডোর ও আউটডোর অনুশীলন উইকেট, অত্যাধুনিক প্রশিক্ষণ সুবিধা, পুনর্বাসন ইউনিট, আবাসন ব্যবস্থা এবং বিশেষায়িত গবেষণাগার। এখানে পুরুষ, নারী ও জুনিয়র—সব স্তরের ক্রিকেটারদের জন্য সমন্বিত প্রশিক্ষণ সুবিধা নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশ ক্রিকেটের অবকাঠামোকে আরও আধুনিক ও কার্যকর করে একটি শক্তিশালী হাই-পারফরম্যান্স ব্যবস্থা গড়ে তোলাই বিসিবির লক্ষ্য। সেই উদ্দেশ্যে বিশ্বের অন্যতম উন্নত ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম কাছ থেকে পর্যবেক্ষণ করে দেশের ক্রিকেট উন্নয়নে তা কাজে লাগাতে চান বিসিবি সভাপতি তামিম ইকবাল।