
অভিবাসন সুশাসন, শ্রম অভিবাসন ও মানবিক সহায়তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করতে চার দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) উপ-মহাপরিচালক (অপারেশনস) উগোচি ড্যানিয়েলস।
শনিবার (১ আগস্ট) ভোরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য আইওএমের আঞ্চলিক পরিচালক ইওরি কাতো, বাংলাদেশে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক এবং আইওএম বাংলাদেশের চিফ অব মিশন ড. লরা টম বন্দ।
সফরকালে উগোচি ড্যানিয়েলস বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের পাশাপাশি জাতিসংঘের বিভিন্ন সংস্থা, উন্নয়ন সহযোগী এবং আইওএমের সহায়তাপ্রাপ্ত বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।
তার সফরসূচিতে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন বিষয়ক বৈশ্বিক চুক্তি (জিসিএম)-এর আওতায় বাংলাদেশের জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়টি রয়েছে। এছাড়া তিনি কক্সবাজার ও মাদারীপুর সফর করবেন।
এ সফরের অংশ হিসেবে অভিবাসন সুশাসন, জলবায়ুজনিত মানব চলাচল, শ্রম অভিবাসন, সুরক্ষা এবং মানবিক সহায়তা সংশ্লিষ্ট বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রমেও অংশ নেওয়ার কথা রয়েছে আইওএমের এই শীর্ষ কর্মকর্তার।