
বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নেওয়ার হতাশা কাটতে না কাটতেই সেই পরাজয়ের একটি গুরুত্বপূর্ণ কারণ সামনে আনলেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। ইতালিয়ান এই কোচের দাবি, নরওয়ের বিপক্ষে ম্যাচে হাইড্রেশন ব্রেকের সময় নেওয়া একটি কৌশলগত সিদ্ধান্তই শেষ পর্যন্ত দলের বিশ্বকাপ অভিযান থামিয়ে দিয়েছে।
আনচেলত্তির মূল্যায়নে, নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে হাইড্রেশন ব্রেকের সময় করা পরিবর্তনগুলোই ব্রাজিলের জন্য বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছিল।
এবারের বিশ্বকাপে ফিফা প্রতিটি অর্ধের মাঝামাঝি সময়ে বাধ্যতামূলক তিন মিনিটের হাইড্রেশন ব্রেক চালু করে। অনেক কোচই এই বিরতিকে কার্যত টাইমআউট হিসেবে ব্যবহার করে খেলোয়াড়দের নতুন কৌশল ও নির্দেশনা দেন।
নরওয়ের বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধের হাইড্রেশন ব্রেক পর্যন্ত গোলশূন্য সমতায় ছিল দুই দল। তবে বিরতির পর নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হাল্যান্ড জোড়া গোল করলে ২-১ ব্যবধানে হেরে যায় ব্রাজিল। এর ফলে ১৯৯০ সালের পর সবচেয়ে দ্রুত বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, ‘আমার মনে হয়, নরওয়ের বিপক্ষে হাইড্রেশন ব্রেকেই আমরা বিশ্বকাপ হেরেছি। কারণ, ওই সময় পর্যন্ত ম্যাচ পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণেই ছিল।’
তিনি আরও বলেন, ‘সম্ভবত সেখানেই আমার ভুল হয়েছে। আমি ভেবেছিলাম দল ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, অথচ তা হয়নি। আমি কয়েকটি পরিবর্তন করেছিলাম। এরপরই হাল্যান্ড গোল করে বসে। আর বিশ্বকাপের মতো আসরে দ্বিতীয়ার্ধের ৩০ মিনিটে গোল হজম করলে ফিরে আসা খুবই কঠিন।’
অন্যদিকে, বিশ্বকাপ চলাকালে ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট বিভাগের প্রধান আর্সেন ওয়েঙ্গার ভিন্ন মত প্রকাশ করেছিলেন। তার ভাষ্য ছিল, হাইড্রেশন ব্রেক ম্যাচের স্বাভাবিক গতি নষ্ট করেনি এবং ম্যাচের ফলাফলেও এর কোনো প্রভাব পড়েনি।