
বিশ্বকাপ ফাইনালের তিক্ত স্মৃতি পেছনে ফেলে আবারও মাঠে ফেরার প্রস্তুতি শুরু করেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ফাইনাল শেষ হওয়ার মাত্র ১০ দিন পর বুধবার (৩০ জুলাই) ফ্লোরিডার ফোর্ট লডারডেলে অবস্থিত ইন্টার মায়ামির অনুশীলন কেন্দ্রে যোগ দেন ৩৯ বছর বয়সী এই তারকা ফুটবলার।
ইএসপিএনের তথ্য অনুযায়ী, এদিন সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে হাসিমুখেই পূর্ণোদ্যমে অনুশীলনে অংশ নেন মেসি।
বিশ্বকাপ ফাইনালের পর প্রায় এক সপ্তাহ নিজ শহর রোজারিওতে পরিবারের সঙ্গে সময় কাটান তিনি। ওই সময় অসুস্থ বাবা হোর্হে মেসির (৬৮) পাশে ছিলেন মেসি। বিশ্বকাপ চলাকালেই পরিবারের পক্ষ থেকে তার বাবার অসুস্থতার বিষয়টি জানানো হয়েছিল।
২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করেন মেসি। তার নেতৃত্বে আর্জেন্টিনা ফাইনালে উঠলেও শেষ পর্যন্ত শিরোপা জেতা হয়নি। ফাইনালের পর সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করে তিনি লিখেছিলেন, ‘কষ্টটা বিশাল এবং এই ক্ষত শুকাতে সময় লাগবে। তবে দলের লড়াই এবং কোটি মানুষের ভালোবাসা আমি সারাজীবন হৃদয়ে আগলে রাখব।’
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি মেসি। তবে ক্লাব ফুটবলে ইন্টার মায়ামির হয়ে ফের মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন তিনি। বিশ্বকাপের পর শিকাগো ফায়ার ও সিএফ মন্ট্রিয়ালের বিপক্ষে এমএলএসের ম্যাচ এবং অল-স্টার গেমে অংশ নেননি এই আর্জেন্টাইন অধিনায়ক।
ইন্টার মায়ামির কোচ গুইয়েরমো হোয়োস জানিয়েছেন, মেসি ও রদ্রিগো দে পলকে ফেরাতে কোনো ধরনের তাড়াহুড়ো করা হবে না। তিনি বলেন, ‘বিশ্রাম খেলোয়াড়দের মানসিক ও শারীরিক পুনরুজ্জীবনের জন্য অপরিহার্য। দীর্ঘ ৫০ দিনের বিশ্বকাপ মিশনের পর তাদের পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন রয়েছে। শতভাগ প্রস্তুত হলেই তারা মাঠে নামবেন।’
আগামী শনিবার এমএলএসে কলম্বাস ক্রুর বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। এরপর ৫ আগস্ট লিগস কাপে মেক্সিকান ক্লাব অ্যাটলেটিকো দে সান লুইসের মুখোমুখি হবে দলটি। ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই দলের শুরুর একাদশে দেখা যাবে লিওনেল মেসিকে।