
বৈরী আবহাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বড়পর্দায় ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচ দেখানোর আয়োজন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ফলে মঙ্গলবার রাত ১০টায় অনুষ্ঠিত আর্জেন্টিনা-মিশর ম্যাচটি ক্যাম্পাসের নির্ধারিত পাঁচটি ভেন্যুতে উপভোগ করতে পারেননি দর্শকরা।
মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় আয়োজকদের প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিরূপ আবহাওয়ার মধ্যে দর্শকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দিনের সব আয়োজন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার (৮ জুলাই) আবহাওয়া অনুকূলে ফিরলেই আগের সূচি অনুযায়ী পাঁচটি ভেন্যুতেই আবার বড়পর্দায় বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার শুরু হবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহযোগিতায় অ্যাথলেট স্পোর্টস গিয়ারের ব্যবস্থাপনায় টিএসসি, হাজী মুহম্মদ মুহসীন হলের খেলার মাঠ, কবি জসীম উদ্দীন হলের খেলার মাঠ, জগন্নাথ হল উপাসনালয় এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলের খেলার মাঠে বিশ্বকাপের ম্যাচ বড়পর্দায় দেখানোর ব্যবস্থা করা হয়েছিল।
অ্যাথলেট স্পোর্টস গিয়ারের সিইও মো. সেজান মাহমুদ বলেন, "বিশ্বকাপ ঘিরে দর্শকদের আগ্রহ ও উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে।"
তিনি আরও বলেন, "কিন্তু নিরাপত্তার সঙ্গে কোনো আপস করা যায় না। তাই সাময়িকভাবে আয়োজন বন্ধ রাখা হয়েছে। দর্শকদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই।"
টিএসসিতে খেলা দেখতে যাওয়ার প্রস্তুতি নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লুৎফর বলেন, "বন্ধুদের সঙ্গে বড়পর্দায় খেলা দেখার প্রস্তুতি নিয়েছিলাম। তবে আবহাওয়ার কারণে সিদ্ধান্তটি যৌক্তিক। নিরাপদ থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।"
আরেক শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, "বড়পর্দায় খেলা দেখার আলাদা একটা উৎসবের পরিবেশ তৈরি হয়েছিল। আজ বন্ধ হওয়ায় কিছুটা খারাপ লাগছে, তবে আশা করছি আগামীকাল আবার সবাই একসঙ্গে খেলা উপভোগ করতে পারব।"
আয়োজকরা সবাইকে প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার এবং বৈরী আবহাওয়ার সময় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তারা জানিয়েছেন, আবহাওয়া স্বাভাবিক হলে বুধবার থেকে পূর্বঘোষিত সূচি অনুযায়ী বড়পর্দায় বিশ্বকাপের সব ম্যাচ আবারও সম্প্রচার করা হবে।