
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এক বাঙালি গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে কৃতি রঞ্জন ত্রিপুরা (৩৫) নামের এক পাহাড়ি যুবকের বিরুদ্ধে।
মঙ্গলবার (৭ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার গোমতী ইউনিয়নের বান্দরছড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত কৃতি রঞ্জন ত্রিপুরা স্থানীয় উথারাম ত্রিপুরার ছেলে।
ঘটনাসূত্রে জানা যায়, বান্দরছড়া গ্রামের বাসিন্দা কৃতি রঞ্জন ত্রিপুরা ভুক্তভোগী বাঙালি গৃহবধূর বাড়িতে প্রবেশ করে তাকে শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় আত্মরক্ষার্থে গৃহবধূ অভিযুক্তের মাথায় আঘাত করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে আটক করে।
খবর পেয়ে গোমতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আনিসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের কাছ থেকে অভিযুক্তকে আটক করেন। পরে তাকে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এদিকে, ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাঙালি বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাটি পাহাড়ি-অধ্যুষিত হওয়ায় অজানা কারণে ভুক্তভোগী মামলা করতে অস্বীকৃতি জানান।
গোমতী পুলিশ ফাঁড়িতে আনার পর বিশেষ ব্যক্তিদের যোগসাজশে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আনিসুর রহমান বিষয়টি মীমাংসার চেষ্টা করেন বলে স্থানীয়রা অভিযোগ করেন।
ঘটনাকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
ভুক্তভোগী থানায় মামলা করবেন না উল্লেখ করে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আনিসুর রহমান জানান, বিষয়টি সমাধানের লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে সমঝোতার ভিত্তিতে স্থানীয়ভাবে আপসনামা করা হয়েছে। আপসনামা হাতে পেলে বিস্তারিত জানাতে পারবেন বলেও তিনি জানান।