
বিশ্বকাপের শেষ ষোলো থেকে ব্রাজিলের অপ্রত্যাশিত বিদায়কে বড় শিক্ষা হিসেবে দেখছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। তার মতে, নরওয়ের বিপক্ষে অসংখ্য গোলের সুযোগ নষ্ট করাই সেলেসাওদের বিদায়ের অন্যতম প্রধান কারণ।
মিসরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন আর্জেন্টিনা কোচ।
স্কালোনির ভাষ্য, নরওয়ের বিপক্ষে ম্যাচে ব্রাজিল একাধিক নিশ্চিত গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি। বিশেষ করে নরওয়ের গোলরক্ষক ওরাইন নিলান্ডকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হওয়াটা দলের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়ায়। সুযোগগুলো কাজে লাগানো গেলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত বলেও মনে করেন তিনি।
এ প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘ব্রাজিলের খেলা কমবেশি দেখেছি। নরওয়ে ভালো দল। শুরুর দিকে স্কোর যখন ০-০ ছিল, তখন এনদ্রিক যদি ওই গোলটা পেয়ে যেত, তাহলে আজ আমরা অন্য কিছু নিয়ে কথা বলতাম। ব্রাজিল শক্ত প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিল, এটাই আসল কথা। আমরা সতর্ক আছি; কারণ, আমরাও বড় প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছি।’
শেষ ষোলোর প্রতিপক্ষ মিসরকেও যথেষ্ট সমীহ করছেন আর্জেন্টিনার কোচ। তবে এই ম্যাচে কারা শুরুর একাদশে থাকবেন, সে বিষয়ে মুখ খোলেননি তিনি।
স্কালোনি বলেন, ‘আমি একাদশ ঠিক করে ফেলেছি। তবে সেটি এখনো খেলোয়াড়দের জানাইনি এবং আপনাদেরও বলব না। প্রেস অফিস থেকে আমাকে জানানো হয়েছে যে আপনারা সাংবাদিকেরা কমবেশি একাদশটি অনুমান করতে পেরেছেন। ধারণাটা ওই রকমই।’
লিওনেল মেসির শারীরিক অবস্থা নিয়েও আশ্বস্ত করেছেন বিশ্বকাপজয়ী এই কোচ। তিনি বলেন, ‘মেসি একদম ঠিক আছে। ৩৯ বছর বয়সেও আগের ম্যাচে টানা ১২০ মিনিট খেলেও সে ক্লান্তির কথা বলেনি।’
মিসরের শক্তিমত্তার প্রশংসা করে স্কালোনি আরও বলেন, ‘মিসর দারুণ দল। তাদের খেলার একটি সুনির্দিষ্ট কৌশল রয়েছে। তারা রক্ষণভাগ মজবুত করে প্রতিপক্ষকে কঠিন পরীক্ষায় ফেলে। আমাদের বিপক্ষেও তারা এটাই করবে। দলটি অত্যন্ত শক্ত প্রতিপক্ষ। আর সালাহ একজন বড় মাপের খেলোয়াড়। তার মুখোমুখি হওয়াটা রোমাঞ্চের। মিসর এই জায়গায় আসাটা প্রাপ্য ছিল।’