
বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও কাউন্টি লিগে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র (এনওসি) পাচ্ছেন তিন ক্রিকেটার। তারা হলেন মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন এবং হাসান মাহমুদ।
ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেড-এ এবার প্রথমবারের মতো দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। ড্রাফট থেকে তাকে দলে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স। বিসিবির একটি সূত্র জানিয়েছে, ২০ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত পুরো টুর্নামেন্টে খেলার জন্য তাকে এনওসি দেওয়া হচ্ছে। এ সময় জাতীয় দলের কোনো সাদা বলের সিরিজ না থাকায় তার অংশগ্রহণে বাধা নেই।
এদিকে গ্লোবাল সুপার লিগে (জিএসএল) খেলার জন্যও এনওসি পাচ্ছেন তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন। এর আগে তিনি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন। জিম্বাবুয়ে সিরিজ শেষে জুলাইয়ের শেষ দিকে শুরু হতে যাওয়া গ্লোবাল সুপার লিগে অংশ নেবেন তিনি।
অন্যদিকে পেসার হাসান মাহমুদ ইংল্যান্ডের কাউন্টি দল কেন্ট স্পিটফায়ার্সের হয়ে ভিটালিটি ব্লাস্টের গ্রুপ পর্বের শেষ তিনটি ম্যাচ খেলবেন। এর আগে কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে দুটি ম্যাচে ১২ উইকেট নিয়ে নজর কাড়েন তিনি। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ৬৯ রানে ৬ উইকেট শিকার করে ম্যাচসেরাও হন এই ডানহাতি পেসার।
এর আগে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) অংশ নিতে ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস, পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং অলরাউন্ডার সাকিব আল হাসানকেও এনওসি দিয়েছে বিসিবি।