
রাউন্ড অব ৩২-এর লড়াইয়ে জাপানের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেও প্রথমে ধাক্কা খেয়েছে ব্রাজিল।
ম্যাচের ২৯তম মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের পায়ে। বিপরীতে নিজেদের অর্ধে থেকে রক্ষণভাগ শক্ত রেখে পাল্টা আক্রমণের অপেক্ষায় ছিল জাপান।
তৃতীয় মিনিটেই গোলের সুযোগ তৈরি করেন ব্রুনো গিমারায়েস। বক্সের বাইরে থেকে নেওয়া তার শট প্রতিপক্ষের গায়ে লেগে অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায়।
পঞ্চম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের উদ্দেশে উঁচু বল বাড়ানো হলেও তিনি বল স্পর্শ করার আগেই দ্রুত এগিয়ে এসে দুই হাত দিয়ে বল পাঞ্চ করে বিপদমুক্ত করেন জাপানের গোলরক্ষক সুজুকি।
১৬তম মিনিটে জাপান একটি ফ্রি-কিক থেকে সুযোগ সৃষ্টি করে। কামাদার নেওয়া শট ব্রাজিলের রক্ষণভাগে লেগে কর্নারের বিনিময়ে বাইরে চলে যায়।
এরপর জুনিয়া ইতোর ইন-সুইঙ্গিং কর্নার নিয়ার পোস্টে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করলেও কাসেমিরো হেড করে বল ক্লিয়ার করেন।
তবে ২৯তম মিনিটে পাল্টা আক্রমণে সাফল্য পায় জাপান। দুর্দান্ত ড্রিবলিংয়ে ব্রাজিলের রক্ষণ ভেঙে ডি-বক্সের ঠিক বাইরে থেকে কোণাকুণি জোরালো শটে বল জালে পাঠান কাইশু সানো। জাপানের হয়ে এটিই তার প্রথম আন্তর্জাতিক গোল।