
বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর হাইভোল্টেজ ম্যাচে আজ ফুটবল পরাশক্তি ব্রাজিলের মুখোমুখি হচ্ছে এশিয়ার অন্যতম সেরা দল জাপান।
সোমবার (২৯ জুন) যুক্তরাষ্ট্রের হিউস্টনে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে দুই দলের এই মাঠের লড়াই। ফুটবলের বিশ্বমঞ্চে এই ম্যাচে সেলেসাওদের হারাতে পারলেই নিজেদের ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করবে জাপান।
১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েছিল সূর্যোদয়ের দেশ জাপান। এবারের আসরসহ সর্বমোট অষ্টমবারের মতো বৈশ্বিক এই টুর্নামেন্টে খেলছে এশিয়ার এই প্রতিনিধিরা। তবে জাপানের জন্য বিশ্বকাপ মানেই যেন নকআউট পর্বের এক নির্মম ট্র্যাজেডি; কেননা এই মঞ্চে যতবারই তারা গ্রুপ পর্বের বৈতরণী পার করেছে, ততবারই বিদায় নিতে হয়েছে নকআউটের প্রথম ম্যাচ থেকে। ফলে আজ ব্রাজিলকে হারাতে পারলে প্রথমবারের মতো নকআউটে জয়ের অনন্য ইতিহাস গড়বে দেশটি।
ফুটবল বিশ্বকাপে জাপানের পথচলাটা কখনোই মসৃণ ছিল না। অভিষেক বিশ্বকাপে আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া ও জ্যামাইকার মতো শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে একই গ্রুপে পড়েছিল তারা। সেবার আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়ার কাছে পরাজয়ের পর শেষ ম্যাচে জ্যামাইকার বিরুদ্ধে সান্ত্বনার গোল করলেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় তাদের। এরপর ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপেও তাদের ভাগ্য বদলায়নি। অস্ট্রেলিয়া ও ব্রাজিলের কাছে হার এবং ক্রোয়েশিয়ার সঙ্গে ড্র করে টুর্নামেন্ট শেষ করে তারা। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপেও একই পুনরাবৃত্তি ঘটে; আইভরি কোস্ট, গ্রিস ও কলম্বিয়ার বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্সে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় ব্লু সামুরাইরা।
বাকি অন্য চারটি বিশ্বকাপে জাপান দুর্দান্ত খেলে গ্রুপ পর্বের বাধা টপকাতে পারলেও নকআউট পর্বে গিয়ে কোনো জয়ের দেখা পায়নি। ২০০২ সালে যৌথ আয়োজক হিসেবে নিজেদের মাটিতে অনুষ্ঠিত আসরে তুরস্কের কাছে ১-০ গোলে হেরে বিদায় নেয় তারা। ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে প্যারাগুয়ের বিরুদ্ধে দারুণ লড়াই করলেও টাইব্রেকারের ভাগ্যযুদ্ধে থামে তাদের স্বপ্ন।
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ মুহূর্তের নাটকীয়তায় ৩-২ ব্যবধানে হার মানতে হয় জাপানকে। সবশেষ ২০২২ কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও স্পেনকে হারিয়ে বিশ্বকে চমকে দিলেও শেষ ষোলোতে আবারও সেই টাইব্রেকার নামক ভাগ্যপরীক্ষায় ক্রোয়েশিয়ার কাছে হেরে অশ্রুসিক্ত বিদায় নেয় তারা।
আজকের এই রাউন্ড অব ৩২-এর ম্যাচে শক্তিশালী ব্রাজিলকে পরাস্ত করতে পারলেই প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে জয়ের স্বাদ পাবে জাপান। দীর্ঘদিনের ব্যর্থতার বৃত্ত ভেঙে এবার তাই ইতিহাস বদলানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে এশিয়ার এই পরাশক্তি।