
২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হতে না হতেই ফুটবলপ্রেমীদের আলোচনায় উঠে এসেছে সম্ভাব্য এক সুপার ক্লাসিকো। নিজ নিজ গ্রুপে শীর্ষস্থান নিশ্চিত করে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল। বর্তমান সূচি অনুযায়ী, দুই দল নিজেদের পরবর্তী তিনটি ধাপ পেরোতে পারলে সেমিফাইনালে মুখোমুখি হতে পারে দক্ষিণ আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
গ্রুপ ‘জে’ চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২ নিশ্চিত করে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে আলজেরিয়াকে ৩-০ এবং অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে পূর্ণ নিয়ন্ত্রণে থেকেই শীর্ষস্থান দখল করে তারা। নকআউটের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ দল।
অন্যদিকে গ্রুপ ‘সি’-তে শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষস্থান নিশ্চিত করে ব্রাজিল। টুর্নামেন্টের শুরুতে মরক্কোর সঙ্গে ড্র করলেও পরে হাইতি ও স্কটল্যান্ডকে হারিয়ে সাত পয়েন্ট সংগ্রহ করে সেলেসাওরা। সমান পয়েন্ট পাওয়া মরক্কোর চেয়ে উন্নত গোল ব্যবধানে গ্রুপসেরা হয় কার্লো আনচেলত্তির দল।
শেষ ৩২-এর লড়াইয়ে ব্রাজিলের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘এফ’-এর রানার্সআপ দল। সেই অবস্থানের জন্য লড়াইয়ে রয়েছে নেদারল্যান্ডস, সুইডেন ও জাপান।
বিশ্বকাপের নকআউট সূচির সমীকরণ বলছে, আর্জেন্টিনা ও ব্রাজিল যদি শেষ ৩২, শেষ ১৬ এবং কোয়ার্টার ফাইনালের বাধা পেরোতে পারে, তাহলে সেমিফাইনালে দেখা হবে তাদের। ফলে দীর্ঘদিন পর বিশ্বকাপের মঞ্চে দুই দলের সরাসরি লড়াই দেখার সম্ভাবনা তৈরি হয়েছে।
আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত ১০৬ বার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে আর্জেন্টিনা জিতেছে ৪১ ম্যাচে, ব্রাজিল ৩৯টিতে। ড্র হয়েছে ২৬টি ম্যাচ।
সাম্প্রতিক পরিসংখ্যান অবশ্য আর্জেন্টিনার পক্ষেই কথা বলছে। দুই দলের সর্বশেষ পাঁচ দেখায় তিনবার জয় পেয়েছে আলবিসেলেস্তেরা, দুটি ম্যাচ শেষ হয়েছে এক জয় ও এক ড্রয়ে। সর্বশেষ বিশ্বকাপ বাছাইপর্বে বুয়েনস আইরেসে ব্রাজিলকে ৪-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা।
তবে বিশ্বকাপের সেমিফাইনালের মতো মঞ্চে অতীতের পরিসংখ্যানের চেয়ে সেদিনের পারফরম্যান্সই বেশি গুরুত্বপূর্ণ হবে। তাই নকআউটের পথ পেরিয়ে দুই দল যদি শেষ পর্যন্ত মুখোমুখি হয়, তাহলে সেটি হতে পারে এবারের বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় লড়াইগুলোর একটি।