
বিশ্বকাপের মঞ্চে অবশেষে অধরা জয়ের দেখা পেল মিসর। দীর্ঘ ৯২ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার (২২ জুন) সকালে ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৩-১ গোলের ব্যবধানে পরাস্ত করেছে মোহাম্মদ সালাহর দল।
এর আগে ১৯৩৪, ১৯৯০ এবং ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপে খেলার সুযোগ পেলেও কখনো জয়ের স্বাদ পায়নি মিসর। এই ঐতিহাসিক ম্যাচের আগে বিশ্বমঞ্চে খেলা নিজেদের আটটি ম্যাচের একটিতেও জয়ের মুখ দেখেনি আফ্রিকার এই দেশটি। অবশেষে নিজেদের নবম ম্যাচে এসে সেই পুরোনো আক্ষেপ মেটালেন সালাহরা।
অবশ্য ম্যাচের প্রথমার্ধের শুরুটা একেবারেই আশাব্যঞ্জক ছিল না মিসরের জন্য। খেলার ১৫তম মিনিটে ফিন সারম্যানের দুর্দান্ত এক গোলে প্রথমে লিড নেয় নিউজিল্যান্ড। ফলে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই প্রথমার্ধের বিরতিতে যেতে হয় মিসরীয় শিবিরকে।
তবে দ্বিতীয়াপাধে মাঠে নেমেই খোলনলচে বদলে যায় মিসরের খেলার ধরন। ৫৮ মিনিটে মোস্তাফা জিকোর নিখুঁত এক গোলে সমতায় ফেরে উত্তর আফ্রিকার দলটি। এরপর ৬৭ মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করে ব্যবধান গড়ে দেন স্বয়ং অধিনায়ক মোহাম্মদ সালাহ। ম্যাচের ৮২ মিনিটে ত্রেজেগে নিউজিল্যান্ডের জালে তৃতীয় বলটি জড়ালে মিসরের ঐতিহাসিক জয় পুরোপুরি নিশ্চিত হয়ে যায়।
ম্যাচের দ্বিতীয়ভাগে মাত্র ২৪ মিনিটের ঝোড়ো ব্যবধানে ৩টি গোল করে খেলা সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় মিসর। আর এর মধ্য দিয়েই ফুটবল বিশ্বকাপের সুদীর্ঘ ইতিহাসে নিজেদের প্রথম জয়ের অবিস্মরণীয় স্বাদ পেল সালাহর দল।