দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নতুন জীবনে পা রাখতে যাচ্ছেন বলিউড তারকা আমির খান। বহুদিন ধরে আলোচনায় থাকা প্রেমিকা গৌরী স্প্র্যাটকে আগামী ৫ জুলাই বিয়ে করতে যাচ্ছেন ৬০ বছর বয়সী এই অভিনেতা।
ভারতের বেঙ্গালুরু-নিবাসী গৌরী স্প্র্যাটের সঙ্গে মুম্বাইয়ে নিজের বাসভবনেই আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন আমির। জমকালো আয়োজনের পরিবর্তে একেবারে সীমিত পরিসরে, পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিয়ের পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন আমির খান। তিনি জানান, কোনো ধরনের বড় উৎসব বা আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান ছাড়াই দুই পরিবারের সদস্য এবং অল্প কয়েকজন কাছের বন্ধুকে নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।
আমির খান বলেন, “বাড়িতেই একটি রেজিস্ট্রি বিয়ের আয়োজন করা হবে। আমরা দুজনের কেউই খুব একটা আড়ম্বর চাচ্ছি না, তাই সাদামাটাভাবেই জীবনের নতুন অধ্যায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।”
তবে বলিউডের দুই সুপারস্টার ও তার ঘনিষ্ঠ বন্ধু শাহরুখ খান এবং সালমান খান অনুষ্ঠানে আমন্ত্রিত থাকবেন কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি।
জানা যায়, ২০২৪ সালের শেষদিকে গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কে জড়ান আমির খান। পরে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গৌরীকে আনুষ্ঠানিকভাবে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি।
উল্লেখ্য, ব্যক্তিগত জীবনে এর আগে রীনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আমির খান। পরবর্তীতে দুই সম্পর্কই বিচ্ছেদে গড়ায়। এবার গৌরী স্প্র্যাটকে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন জনপ্রিয় এই অভিনেতা।