
দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং আঞ্চলিক শান্তি-স্থিতিশীলতা জোরদারে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, যৌথ উন্নয়ন, আঞ্চলিক শান্তি এবং আরও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক ব্যবস্থা গড়ে তুলতে উভয় দেশ একযোগে কাজ করবে বলে আশা করা হচ্ছে।
সোমবার (২২ জুন) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে যৌথ ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় দুই দেশের সরকারপ্রধান পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান।
এর আগে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনে আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
একান্ত বৈঠকের আগে তারেক রহমান পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
পরে দুই নেতার ব্যক্তিগত আলোচনার পর উভয় দেশের প্রতিনিধিদের নিয়ে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর, শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন, পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই দেশের প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের।