
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে হারের হতাশা থাকলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উন্নতির ফল পেলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের একাধিক তারকা। আইসিসি প্রকাশিত সর্বশেষ নারী ওয়ানডে র্যাংকিংয়ে এগিয়েছেন নাহিদা আক্তার ও নিগার সুলতানা জ্যোতিসহ কয়েকজন ক্রিকেটার।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আইসিসি প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই এগিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা।
অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ৫৮ ও ৪০ রানের ইনিংস খেলেন। এতে তিনি ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে এখন অবস্থান করছেন ৩৫তম স্থানে।
সোবহানা মোস্তারি শেষ ম্যাচে ৭৪ রানের দারুণ ইনিংস খেলেন। তার এই পারফরম্যান্সে তিনি পাঁচ ধাপ উন্নতি করে উঠে এসেছেন ৪৫তম স্থানে। অন্যদিকে রিতু মণি আট ধাপ এগিয়ে এখন ৮৩তম স্থানে রয়েছেন।
বোলিং র্যাংকিংয়েও এসেছে অগ্রগতি। শেষ ম্যাচে ২১ রান দিয়ে চার উইকেট নেওয়া নাহিদা আক্তার দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন ১১ নম্বরে। এছাড়া মারুফা আক্তার ছয় ধাপ উন্নতি করে ৩৭তম এবং সুলতানা খাতুন ১৬ ধাপ এগিয়ে ৪৪তম স্থানে রয়েছেন।
সিরিজ হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে এই উন্নতিকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।