
বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন। তবে চোট গুরুতর নয় বলে জানিয়েছে বিসিবির মেডিকেল বিভাগ, যদিও তার চোটের গ্রেড এখনো প্রকাশ করা হয়নি।
দল ঘোষণার সময়ই শান্তর ইনজুরির বিষয়টি সামনে আসে। শুরুতে এটিকে হালকা জড়তা মনে করা হলেও পরবর্তীতে বিস্তারিত পরীক্ষার জন্য এমআরআই করা হয়। রিপোর্ট হাতে পাওয়ার পরও চিকিৎসকরা সতর্ক অবস্থান নিয়েছেন।
বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র জানায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) ইনজুরির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, পাকিস্তানের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে শান্তকে পাওয়ার বিষয়ে তারা আশাবাদী। তিনি বলেন, ‘শেষ ম্যাচে একটু টান লেগেছে। আমার মনে হয় না বড় কোনো ইনজুরি। গ্রেড জানার পর বিষয়টি পরিষ্কার হবে। এখনও হাতে সময় আছে, আশা করি খেলতে সমস্যা হবে না।’
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘চোটটা আমার কাছে ততটা গুরুতর মনে হয়নি। সে (নাজমুল) মঙ্গলবার আসবে, আমরা তাকে দেখবো। এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি, তাতে খুব খারাপ কিছু মনে হচ্ছে না।’
সাম্প্রতিক সময়ে টেস্টে দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার শান্ত। গত বছর শ্রীলঙ্কা সফরে জোড়া সেঞ্চুরি করার পর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেও শতক করেন তিনি।
অধিনায়ক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এই টপঅর্ডার ব্যাটার। পাকিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে তাকে দলে পাওয়া বড় স্বস্তি হবে দলের জন্য।
নিজেও আসন্ন সিরিজে খেলার বিষয়ে আশাবাদী শান্ত। সাম্প্রতিক ওয়ানডে পারফরম্যান্সে ওঠানামা থাকলেও চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে সেঞ্চুরি করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি।