
নারী ক্রিকেটের উন্নয়নে বড় পরিবর্তনের ডাক দিলেন সাবেক অধিনায়ক রুমানা আহমেদ। তার মতে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নারী ক্রিকেটারদের পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত করা হলে তা দেশের নারী ক্রিকেটে নতুন দিগন্ত উন্মোচন করবে।
শনিবার (২৫ এপ্রিল) ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে রুমানা বলেন, বোর্ডে নারী ক্রিকেটারদের উপস্থিতি মাঠের পারফরম্যান্স উন্নয়ন ও নারীদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বর্তমানে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি বিসিবির কার্যক্রম পরিচালনা করছে। আগামী জুনের মাঝামাঝি সময়ে বোর্ড নির্বাচনের প্রস্তুতি চলছে। এই প্রেক্ষাপটেই পরিচালক পদে নারী ক্রিকেটারদের অন্তর্ভুক্তির বিষয়টি সামনে এসেছে।
রুমানা বলেন, ‘অনেকের মুখেই শুনছি যে পরিচালক পদে কোনো নারী ক্রিকেটারের আসা উচিত। আমাদের ভেতরেও এমন একটা চাওয়া আছে। কারণ নারী ক্রিকেটের খুঁটিনাটি সমস্যাগুলো কেবল একজন নারী ক্রিকেটারই ভালো বুঝতে পারবেন।’
বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী বিসিবিতে মোট ২৫ জন পরিচালক নির্বাচিত হন। এর মধ্যে ১২ জন ক্লাব ক্যাটাগরি থেকে, ১০ জন জেলা ও বিভাগীয় প্রতিনিধিত্ব থেকে, ২ জন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত এবং ১ জন ক্যাটাগরি-৩ থেকে নির্বাচিত হন।
তবে এই কাঠামোয় এখন পর্যন্ত নারী ক্রিকেটারদের জন্য কোনো নির্দিষ্ট পদ বা কোটা নেই। রুমানা নিজেও স্বীকার করেছেন, বিদ্যমান গঠনতন্ত্র পরিবর্তন ছাড়া এ ধরনের অন্তর্ভুক্তি বাস্তবায়ন করা কঠিন।
তিনি আরও বলেন, ‘ছেলেরা যেহেতু তাদের পক্ষ থেকে বোর্ডে আসার বা কাজ করার সুযোগ পাচ্ছেন, মেয়েদের ক্ষেত্রেও তেমনটা হওয়া উচিত। তবে বাংলাদেশে নিজেরা গিয়ে চেয়ে খুব একটা কাজ হয় না; বোর্ড থেকে যদি কোনো প্রস্তাব আসে তবে সেটি বেশি কার্যকর হয়।’