
ছোট পর্দা ও চলচ্চিত্রে কমেডি চরিত্রে দর্শকের ভালোবাসা পাওয়া অভিনেতা তারিকুজ্জামান তপন মারা গেছেন। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টা ৫ মিনিটে রাজধানীর আফতাবনগরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।
অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তপন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা জানান, আর উন্নতির সম্ভাবনা নেই। শেষ সময়ে পরিবারের সিদ্ধান্তে তাঁকে বাসায় আনা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।
রাশেদ মামুন অপু বলেন, ‘আমরা শুরু থেকেই তাঁর পাশে ছিলাম। শেষ সময়েও আমরা হাসপাতালে ছিলাম। চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন পরিস্থিতি আর উন্নতির দিকে নেই।’
পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুর পর তাঁর মরদেহ রাতেই আফতাবনগরের পরশিনগর জামে মসজিদে নেওয়া হয় জানাজা শেষে দাফনের জন্য। পরে মরদেহ টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই দাফন সম্পন্ন হবে।
এর আগে অসুস্থতার কথা জানিয়ে তাঁর ছেলে তাছফিক সামাজিক মাধ্যমে সবার কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছিলেন। তিনি বাবার চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আহ্বানও জানান।
দীর্ঘ ক্যারিয়ারে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করেছেন তারিকুজ্জামান তপন। বিশেষ করে হাস্যরসাত্মক চরিত্রে তাঁর স্বাভাবিক ও প্রাণবন্ত অভিনয় দর্শকদের মনে জায়গা করে নেয়। জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রে কাজ করে তিনি পেয়েছিলেন আলাদা পরিচিতি।
তাঁর অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আলতা বানু’, ‘ঠিকানা’ ও ‘যা ছিল অন্ধকারে’। টেলিভিশন নাটকের মধ্যে উল্লেখযোগ্য কাজের তালিকায় আছে ‘জোড়া শালিক’, ‘হাতছানি’ ও ‘অল্পে গল্পে’।
অভিনেতার মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও ভক্তরা সামাজিক মাধ্যমে তাঁকে স্মরণ করছেন। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে রেখে গেছেন।