
বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানাকে নিজের চেয়েও এগিয়ে রাখলেন জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট। সিরিজ নির্ধারণী ম্যাচের আগে চট্টগ্রামে সংবাদ সম্মেলনে নাহিদের গতি, ফিটনেস ও ধারাবাহিকতা নিয়ে খোলামেলা প্রশংসা করেন তিনি।
বুধবার (২২ এপ্রিল) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নাহিদ রানাকে ঘিরেই বেশি প্রশ্নের মুখে পড়েন টেইট। উত্তরে তিনি জানান, একজন কোচ হিসেবে নিজের শিষ্যের পারফরম্যান্স তাকে গর্বিত করছে। বিশেষ করে প্রচণ্ড গরমেও টানা ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বোলিং করার সক্ষমতাকে বড় শক্তি হিসেবে দেখছেন তিনি।
আগামীকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি।
নিজের খেলোয়াড়ি জীবনের সঙ্গে তুলনা টেনে টেইট বলেন, ‘হ্যাঁ, কিছু মিল তো আছেই, তবে পার্থক্যও আছে। নাহিদ খুবই ফিট একজন ক্রিকেটার। আমার চেয়ে সে অনেক বেশি ফিট। আমি তখন একটু ভারি ছিলাম, তাই দ্রুতগতিতে বোলিং করা আমার জন্য একটু কঠিন ছিল। কিন্তু নাহিদের ক্ষেত্রে সেটা তুলনামূলক সহজ মনে হয়, কারণ সে দারুণ অ্যাথলেটিক। সে বেশ ছিপছিপে, শক্তিশালী এবং একজন ফাস্ট বোলারের জন্য তার শারীরিক গঠন খুবই ভালো।’
বৈশাখের তীব্র গরমে টানা দুই ওয়ানডেতে পূর্ণ ১০ ওভার করে বোলিং করেছেন নাহিদ রানা। একই ধারাবাহিকতায় তৃতীয় ম্যাচেও তাকে খেলানো হবে কি না, এমন প্রশ্নে টেইট আস্থা রাখেন তার ফিটনেসের ওপরই। তিনি বলেন, ‘এমন গরম আবহাওয়ায় টানা ম্যাচ খেললেও তাকে নিয়ে আমার আত্মবিশ্বাস আছে। সে এটা সামলাতে পারবে বলেই মনে করি। আমার সময়টা একটু আলাদা ছিল, আমি হয়তো বেশি চোটে পড়তাম। কিন্তু সে যেভাবে বোলিং করছে, তাতে তার খেলতে কোনো সমস্যা নেই।’
নাহিদকে প্রতিপক্ষের জন্য বাড়তি চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন এই অস্ট্রেলিয়ান কোচ। তার ভাষায়, ‘সে খুব দ্রুতগতিতে বল করে, আবার একই সঙ্গে অসাধারণ অ্যাথলেটও। বর্তমানে যেভাবে সে বোলিং করছে, তাতে প্রতিপক্ষ দলগুলো তাকে মোকাবিলা করতে স্বস্তি পাবে না। বরং সে না থাকলে তাদের জন্যই সুবিধা হবে।’