
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন আগামী জুনের প্রথম সপ্তাহেই আয়োজন করতে চায় বর্তমান এডহক কমিটি, জানিয়েছেন বোর্ড সভাপতি তামিম ইকবাল। সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে চলাকালে মিরপুরে প্রেসবক্সে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এই পরিকল্পনার কথা জানান।
চলতি মাসে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে যাওয়ার পর তামিমের নেতৃত্বে ১১ সদস্যের এডহক কমিটি দায়িত্ব নেয়। নিয়ম অনুযায়ী তাদের হাতে ৯০ দিনের সময় থাকলেও সেই পুরো সময় নিতে নারাজ তারা।
তামিম বলেন, ‘আমরা আগামী জুনের প্রথম সপ্তাহেই নির্বাচনটা করে ফেলতে চাই। সেটা না হলে দ্বিতীয় সপ্তাহেই এটা করবো নিশ্চিতভাবে।’
তিনি আরও যোগ করেন, ‘আমাদের আগামী ২১ জুলাইয়ের মধ্যে নির্বাচন করার কথা। কিন্তু এর মানে এই নয় যে ২১ তারিখেই করতে হবে। এর আগেও করা যায়।’
একই সঙ্গে মাঠের পুরোনো এক চেনা দৃশ্য ফিরিয়ে আনার কথাও জানান তামিম। ম্যাচ চলাকালে বাউন্ডারির পাশে তরুণ ক্রিকেটারদের বল বয় হিসেবে রাখার পরিকল্পনা করছেন তারা।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আগে দেখতাম ম্যাচের সময়ে বাউন্ডারির চারপাশে তরুণ ক্রিকেটাররা বল বয় হিসেবে থাকতেন। এখনও পৃথিবীর অন্যান্য দেশে থাকে। কিন্তু কেনো জানিনা আমাদের এখানে সেটা বন্ধ হয়ে গেছে। এটা আমরা আবার চালু করতে চাই।’
নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তামিম। তিনি বলেন, ‘আমি নিজেও বল বয় ছিলাম। ১৯৯৮ সালে যখন চট্টগ্রামে এমসিসি আসছিল, আমি ওই ম্যাচে বল বয় ছিলাম। আরও অনেক ম্যাচেই ছিলাম।’