
বরিশালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে ব্যাপক শুভেচ্ছা র্যালি করেছে বিএনপি। রোববার (১২ জুলাই) বিকেলে নগরীতে অনুষ্ঠিত এ কর্মসূচিতে দলটির নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের অংশগ্রহণে ব্যাপক জনসমাগম হয়। এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, ভোটের মাধ্যমে বরিশালবাসী যে আস্থা ও সম্মান দেখিয়েছেন, উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনের মাধ্যমে তার প্রতিদান দেওয়া হবে।
রোববার বিকেলে নগরীর বিবির পুকুরের দক্ষিণ পাশের সোহেল চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে লঞ্চঘাট, বেলস পার্ক ও শিল্পকলা একাডেমির সামনের সড়ক প্রদক্ষিণ শেষে একই এলাকায় শেষ হয়। কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন।
র্যালি শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, বরিশালবাসীর ভালোবাসা, আস্থা ও প্রত্যাশার মর্যাদা রক্ষা করা হবে। ভোটের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি যে আস্থা ও সম্মান দেখানো হয়েছে, উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনের মাধ্যমে সেই আস্থার প্রতিদান দেওয়া হবে।
তিনি আরও বলেন, নগরীর জলাবদ্ধতা নিরসন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘদিনের নাগরিক সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য বরিশাল গড়ে তোলাই বিএনপির লক্ষ্য।
র্যালি ও মতবিনিময় অনুষ্ঠানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।