
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বার্সেলোনার বিদায়ের পর ম্যাচ পরিচালনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাফিনিয়া। তার অভিযোগ, ধারাবাহিক বিতর্কিত সিদ্ধান্তে দলটি কার্যত ‘লুট’ হয়েছে, যা শেষ পর্যন্ত তাদের স্বপ্নভঙ্গের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।
দুই লেগ মিলিয়ে কঠিন লড়াইয়ের এই দ্বৈরথে বারবারই সংখ্যাগতভাবে পিছিয়ে পড়ে বার্সা। দ্বিতীয় লেগে আতলেতিকো মাদ্রিদর মাঠে ২-১ ব্যবধানে জিতলেও সমতা ফেরাতে ব্যর্থ হয় কাতালানরা। ইনজুরির কারণে মাঠে নামতে না পারলেও গ্যালারিতে বসে দলের খেলা দেখেন রাফিনিয়া, আর ম্যাচ শেষে জমে থাকা ক্ষোভ উগরে দেন।
তার ভাষায়, ‘যা হয়েছে, তা লুটপাটের মতো। একের পর এক সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গেছে।’ তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষের একাধিক ফাউল শাস্তি ছাড়াই থেকে গেছে, যা ম্যাচের গতিপথে বড় প্রভাব ফেলেছে।
ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল বার্সা। কিন্তু দ্বিতীয়ার্ধে এসে নাটকীয় মোড় নেয় লড়াই। ফেরান তোরেসর একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়, যা ঘুরে দাঁড়ানোর সম্ভাবনায় বড় ধাক্কা দেয়। এরপর এরিক গার্সিয়া প্রথমে হলুদ কার্ড দেখলেও ভিডিও সহকারী রেফারির সিদ্ধান্তে সেটি লাল কার্ডে রূপ নেয়, ফলে আবারও ১০ জনে নেমে আসে দলটি।
এদিকে দানি ওলমো ফাউলের শিকার হলেও পেনাল্টির আবেদন নাকচ হয়ে যায়, যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়। যদিও নির্দিষ্ট কোনো একক সিদ্ধান্তকে আলাদা করে তুলে ধরেননি রাফিনিয়া, বরং পুরো ম্যাচজুড়েই রেফারিং নিয়ে প্রশ্ন তোলেন।
প্রথম লেগেও পেনাল্টি না পাওয়ার অভিযোগ তুলেছিল বার্সা, তবে সেটিকে ‘অগ্রহণযোগ্য’ বলে উড়িয়ে দেয় উয়েফা। এই প্রেক্ষাপটে রাফিনিয়ার প্রশ্ন, একই ধরনের ভুল বারবার কীভাবে ঘটে।
তার কথায়, ‘একবার ভুল হতেই পারে, কিন্তু একই ঘটনা বারবার হলে সেটা মেনে নেওয়া কঠিন। আমরা ভালো খেলেছি, কিন্তু লড়াইটাই আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে।’
শেষ পর্যন্ত এই ধারাবাহিক বিতর্কই বার্সেলোনার বিদায়ের গল্পে সবচেয়ে বড় ছায়া হয়ে রইল।