
ব্যক্তিগত কারণ দেখিয়ে ইন্টার মায়ামির প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি হাভিয়ের মাসচেরানো। মঙ্গলবার (১৪ এপ্রিল) তিনি নিজেই এ সিদ্ধান্তের কথা জানান।
২০২৪ সালের নভেম্বরে ক্লাবটির দায়িত্ব গ্রহণ করেন মাসচেরানো। তার অধীনে দলটি মোট ৪৭টি ম্যাচ খেলে ২৭টিতে জয় পায়। তার নেতৃত্বেই গত মৌসুমে প্রথমবারের মতো লিগ শিরোপা জেতে মায়ামি, যা ক্লাবটির ইতিহাসে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে ধরা হয়।
২০২৪-২৫ মৌসুমে মাসচেরানোর অধীনে দলের আক্রমণভাগ ছিল দুর্দান্ত। এক মৌসুমে ১০১টি গোল করে তারা নতুন রেকর্ড গড়ে, যা লিগের ইতিহাসে সর্বোচ্চ। এর মধ্যে শেষ পর্বের খেলাগুলোতেই আসে ২০টি গোল।
আন্তর্জাতিক ক্লাব প্রতিযোগিতাতেও দলকে সফলতা এনে দেন তিনি। গ্রুপ পর্বে পোর্তোকে হারিয়ে পরবর্তী ধাপে ওঠে মায়ামি, যদিও শেষ ষোলোতে পিএসজির কাছে হেরে বিদায় নিতে হয়।
বিদায়ী বার্তায় মাসচেরানো ক্লাব, সহকারী কোচিং দল ও খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা জানান। বিশেষ করে খেলোয়াড়দের প্রশংসা করে তিনি বলেন, তাদের কারণেই তার সময়টা স্মরণীয় হয়ে উঠেছে। পাশাপাশি সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ক্লাবের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
বর্তমানে পূর্বাঞ্চলীয় গ্রুপে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মায়ামি। মাসচেরানোর বিদায়ের পর আপাতত অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন গিয়েরমো হোয়োস। আগামী শনিবার (১৮ এপ্রিল) কলোরাডোর বিপক্ষে মাঠে নামবে দলটি।