
চট্টগ্রামে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় প্রাঙ্গণে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের মানববন্ধনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকালবেলার এই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র অনুযায়ী, নগরের কোতোয়ালি এলাকায় কোর্ট হিলের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনটি হয়। সরকারি দপ্তর চালু হওয়ার আগের সময়, ভোরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় বলে দাবি করা হয়েছে।
ভিডিও ও পোস্টে দেখা যায়, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতা-কর্মী ব্যানার ও প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনের আহ্বায়ক হিসেবে নগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সামদানি জনি–এর নাম উল্লেখ করা হয়।
তিনি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে বলেন, যুবলীগের নির্দেশনা অনুযায়ী কর্মসূচিটি অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা বাংলাদেশ আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান।
চট্টগ্রাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন বলেন, ঘটনাটি আজকের কি না তা যাচাই করা হচ্ছে এবং বিষয়টি তদন্তাধীন।