
ম্যাচ শেষে সাক্ষাৎকার দিতে গিয়ে হঠাৎ করেই মেজাজ হারালেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। তবে সাংবাদিকের প্রশ্ন নয়, গ্যালারি থেকে ভেসে আসা এক দর্শকের মন্তব্যই তাকে ক্ষুব্ধ করে তোলে।
মঙ্গলবার ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে কথা বলছিলেন নেইমার। সে সময় এক দর্শকের মন্তব্যে বিরক্ত হয়ে ওঠেন তিনি। প্রথমে মুখে আঙুল দিয়ে চুপ থাকার ইঙ্গিত দিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে শেষ পর্যন্ত ওই দর্শকের সঙ্গে সরাসরি বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
তর্কের একপর্যায়ে নেইমার দর্শককে ব্যক্তিগতভাবে খোঁচা দিতেও পিছপা হননি। তাকে ‘মোটা’ বলে মন্তব্য করেন এবং শরীর ঠিক রাখতে শরীরচর্চা করার পরামর্শ দেন।
এদিন দক্ষিণ আমেরিকার ক্লাব প্রতিযোগিতার গ্রুপ পর্বে প্যারাগুয়ের ক্লাব দেপোর্তিভো রিকোলেতার মুখোমুখি হয়েছিল সান্তোস। ম্যাচের চতুর্থ মিনিটেই দলকে এগিয়ে দেন নেইমার। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে সমতায় ফেরে প্রতিপক্ষ দল। শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।
জয় হাতছাড়া হওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ ছিলেন নেইমার। ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠতেই বিরক্তি প্রকাশ করেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।
তিনি বলেন, ‘সবাই মিস করেছি। এমনটা অবশ্য ঘটে। তবে আমি মনে করি, ভালো খেলেছি এবং প্রচুর সুযোগ তৈরি করেছি। সমর্থকরা আবেগী হয়ে আমাদের আরো ভালো খেলা চান। সমর্থকদের হতাশা বুঝতে পারছি। তবে তাদের জানা উচিত ফুটবলে এমনটা ঘটে এবং কখনো কখনো বল জালে জড়ায় না।’
এরপরও দর্শকের মন্তব্য থামেনি। তখন কাছে গিয়ে ওই ব্যক্তিকে উদ্দেশ করে নেইমার বলেন, ‘তোমার আরও জিম করা উচিত। তুমি মোটা হয়ে যাচ্ছ। তুমি সঠিক। এখন খুশি? আমি কি বখে গেছি? এখানে আমি আমার সবটুকু নিংড়ে দিচ্ছি। আর অযথা কথা বলে তোমাকে এক মিনিটের জন্য বিখ্যাতও হওয়ার সুযোগ দিলাম।’