
সরকারি খাতে বড় নিয়োগ পরিকল্পনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার অংশ হিসেবে ইতোমধ্যে বিভিন্ন দপ্তরে নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনের প্রশ্নোত্তরে লিখিত জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।
প্রধানমন্ত্রী জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর ও সংস্থাগুলোতে শূন্য পদের বিপরীতে বর্তমানে ২৮৭৯ জন নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে।
খেলাধুলার অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, শহর ও গ্রাম উভয় এলাকায় খেলার মাঠ নির্ধারণ ও উন্নয়নে একটি কেন্দ্রীয় কমিটি কাজ করছে। পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ইউনিয়নে ৮ বিঘা এবং প্রতিটি উপজেলায় ১০ বিঘা জমিতে উন্মুক্ত মাঠ গড়ে তোলা হবে।
তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রী জানান, হাই-টেক পার্ক, সফটওয়্যার পার্ক ও তথ্যপ্রযুক্তি কেন্দ্রগুলো কার্যকরভাবে পরিচালনা এবং দেশে পেপাল সেবা চালুর লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে জাতীয় ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া ভাতা চালু করা হয়েছে। প্রাথমিকভাবে ৫০০ জন ক্রীড়াবিদকে এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে এবং প্রথম ধাপে ইতোমধ্যে ১২৯ জনকে এই ভাতা দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের সহায়তায় ঋণসুবিধা বাড়ানোর কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভাষা শিক্ষার ভিসায় জামানতবিহীন ঋণের সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে। এছাড়া জাপানে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ভিসা পাওয়ার আগেই নির্দিষ্ট যোগ্যতার সনদের ভিত্তিতে ঋণ গ্রহণের প্রক্রিয়া সহজ করা হয়েছে।