
ঘানার প্রিমিয়ার লিগের ক্লাব বেরেকুম চেলসির উইঙ্গার ডমিনিক ফ্রিমপং সশস্ত্র ডাকাত দলের হামলায় প্রাণ হারিয়েছেন। ম্যাচ শেষে টীম বাসে ফেরার পথে সড়কে অতর্কিত গুলিবর্ষণে এই মর্মান্তিক ঘটনা ঘটে, যা নিশ্চিত করেছে দেশটির ফুটবল কর্তৃপক্ষ।
ঘটনাটি ঘটে গত রোববার, দক্ষিণাঞ্চলীয় শহর সামরেবোয়েতে সামারটেক্সের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলে ফেরার পথে। ফেরার সময় গোয়াসো–বিবিয়ানি সড়কে বাসটিকে লক্ষ্য করে সশস্ত্র ডাকাত দল হামলা চালায়। প্রত্যক্ষদর্শী ও ক্লাবের বিবৃতির বরাতে জানা যায়, সড়ক আটকে বাস থামানোর চেষ্টা করা হয়। বাসচালক পেছানোর চেষ্টা করলে মুখোশধারী হামলাকারীরা স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে বাস লক্ষ্য করে গুলি ছোড়ে। প্রাণ বাঁচাতে খেলোয়াড় ও স্টাফরা নেমে পাশের ঝোপঝাড়ে আশ্রয় নেন।
ঘানার ফুটবল কর্তৃপক্ষ জানায়, এই হামলায় ২০ বছর বয়সী ডমিনিক ফ্রিমপং ঘটনাস্থলেই প্রাণ হারান। তার মৃত্যুতে পুরো দেশের ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
বেরেকুম চেলসি ক্লাব এক বিবৃতিতে জানায়, ‘ফেরার পথে আমাদের দলের বাসে সশস্ত্র ডাকাত দল হামলা চালায়। জীবন বাঁচাতে খেলোয়াড় ও স্টাফরা পালানোর চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।’
দেশটির ফুটবল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ভবিষ্যতে ঘরোয়া লিগের ম্যাচে দলগুলোর যাতায়াতের সময় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। এর আগে ২০২৩ সালেও একই ধরনের একটি ঘটনায় অন্য একটি ক্লাবের বাসে হামলার ঘটনা ঘটেছিল, তবে তখন কোনো প্রাণহানি হয়নি।