
রুদ্ধশ্বাস লড়াইয়ের পর টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে খেলার টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রয়্যাল থাই এয়ার ফোর্স হকি মাঠে অনুষ্ঠিত বাছাইপর্বের পঞ্চম-অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে নির্ধারিত সময়ে ৪-৪ গোলে সমতা ছিল দুই দলের। পরে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।
টাইব্রেকারে বাংলাদেশের জয়ের নায়ক গোলরক্ষক বিপ্লব কূজর। প্রতিপক্ষের তিনটি শট ঠেকিয়ে দলকে জয়ের পথে নিয়ে যান তিনি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় এগিয়ে ছিল বাংলাদেশ। প্রথম কোয়ার্টারেই দুটি সুযোগ কাজে লাগিয়ে দ্রুত লিড নেয় দলটি। ১১ মিনিটে রাকিবুল হাসান ফিল্ড গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ১৭ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান দ্বিগুণ করেন আমিরুল ইসলাম।
তবে ২১ মিনিটের মাথায় একটি গোল শোধ করে ম্যাচে ফেরে হংকং। তৃতীয় কোয়ার্টারে তারা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ৩২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ইশতিয়াক আহমেদ গোল করে সমতা ফেরান।
এরপর ৪১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ইসলাম গোল করে বাংলাদেশকে আবারও এগিয়ে দেন (৩-২)। কিন্তু ৪৬ মিনিটে কুলদীপ সিংয়ের গোলে আবারও সমতা ফেরে (৩-৩)।
ম্যাচের ৪৮ মিনিটে আবারও পেনাল্টি কর্নার পেয়ে নিজের দ্বিতীয় গোল করেন আশরাফুল, বাংলাদেশ এগিয়ে যায় ৪-৩ ব্যবধানে। তবে দ্রুতই সমতা ফেরায় হংকং, ফলে নির্ধারিত সময়ে স্কোরলাইন দাঁড়ায় ৪-৪।
পরবর্তীতে টাইব্রেকারে দারুণ পারফরম্যান্স দেখিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
আগামী সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। ৯ দলের এই বাছাইপর্ব থেকে শীর্ষ ছয় দল মূল আসরে খেলার সুযোগ পাবে। এই জয়ের ফলে বাংলাদেশ অন্তত ষষ্ঠ স্থান নিশ্চিত করে এশিয়ান গেমসে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।