
সিডনিতে মাতাল অবস্থায় গাড়ি চালানোর কারণে গত মঙ্গলবার (৮ এপ্রিল) ডেভিড ওয়ার্নারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। রুটিন ব্রিদ টেস্টে তার রক্তে অ্যালকোহলের মাত্রা স্বাভাবিকের দ্বিগুণ পাওয়া যায়।আগামী ৭ মে তাকে আদালতে হাজিরা দিতে হবে। এ ঘটনায় ক্রিকেট অস্ট্রেলিয়া অত্যন্ত গুরুত্ব দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আইনি প্রক্রিয়া চলাকালে ওয়ার্নার তাদের পূর্ণ সমর্থন পাবেন।
ক্রিকেট নিউ সাউথ ওয়েলসের প্রধান নির্বাহী লি জারমন একটি গণমাধ্যমকে বলেন, ‘‘আমরা নিরাপদ ড্রাইভিংকে দৃঢ়ভাবে সমর্থন করি এবং এই ধরনের ঘটনা আমাদের কাছে খুব গুরুতর। ডেভিডও পরিস্থিতির গুরুত্ব সম্পর্কে সচেতন। পরবর্তী আইনি প্রক্রিয়ায় আমরা তাকে সমর্থন দেবো।’’
পুলিশ জানায়, ওয়ার্নার ব্রিদ টেস্ট সাইটের কাছে আকস্মিকভাবে গাড়ি থামিয়ে পার্ক করার চেষ্টা করার সময় ট্রাফিক পুলিশ তাকে পরীক্ষা করেন। প্রাথমিক পরীক্ষায় পজিটিভ আসার পর নিকটস্থ স্টেশনে দ্বিতীয়বারের পরীক্ষা করা হয়, যেখানে তার রক্তে অ্যালকোহল ০.১০৪ মাত্রায় পাওয়া যায়, যা আইনি সীমার দ্বিগুণের বেশি।
ওয়ার্নার পুলিশকে জানান, তিনি এক বন্ধুর সঙ্গে তিন গ্লাস ওয়াইন পান করেন এবং নিজেই গাড়ি চালিয়ে বাড়ির দিকে রওনা হন। ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ওয়ার্নার বর্তমানে পাকিস্তান সুপার লিগের করাচি কিংসের নেতৃত্ব দিচ্ছেন। দলের গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য তিনি ছোট বিরতিতে দেশে ফেরেন। করাচি কিংসের ম্যানেজমেন্ট এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।