
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে ঘিরে দর্শকদের আগ্রহ বাড়ছে। এই সিরিজের জন্য টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ হাজার টাকা দিয়ে গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা। টিকিট সংগ্রহের একমাত্র উপায় অনলাইন ওয়েবসাইট।
ঘোষণা অনুযায়ী, সবচেয়ে কম দামের টিকিট রাখা হয়েছে ইস্টার্ন গ্যালারিতে, যার মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড এবং নর্দান গ্যালারির টিকিটের দাম রাখা হয়েছে ৪০০ টাকা করে।
এ ছাড়া ক্লাব হাউস সাউথ (শহীদ মুশতাক স্ট্যান্ড) এবং ক্লাব হাউস নর্থের (শহীদ জুয়েল স্ট্যান্ড) টিকিটের মূল্য ধরা হয়েছে ৬০০ টাকা।
আন্তর্জাতিক গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক) ও আন্তর্জাতিক গ্যালারি সাউথের (করপোরেট ব্লক) টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১,০০০ টাকা। অন্যদিকে আন্তর্জাতিক লাউঞ্জ সাউথে (করপোরেট ব্লক) বসে খেলা দেখতে হলে গুনতে হবে ১,২০০ টাকা।
সবচেয়ে বেশি দাম রাখা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটে। এই গ্যালারিতে বসে খেলা দেখতে দর্শকদের ব্যয় করতে হবে ২ হাজার টাকা।
আগ্রহীরা (www.gobcbticket.com.bd) ওয়েবসাইটের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ১১ মার্চ। এরপর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ১৩ ও ১৫ মার্চ। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এবং প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে।